২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-মা’কে অসম্মান করে যুবকের টু্ইট, ক্ষুব্ধ বিগ বি

রুপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও যে যথেষ্ট সক্রিয় অমিতাভ বচ্চন আবারও তা প্রমাণ করে দিলেন তিনি। সম্প্রতি বাবা-মা’কে অসম্মান করে লেখা এক যুবকের টুইট পোস্টে কড়া জবাব দিলেন বিগ বি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 10:10 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

ফেইসবুকে প্রায় ২ কোটির উপরে ফলোয়ার রয়েছে অমিতাভ বচ্চনের। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ১ জুলাই বাবা-মায়ের উপরে ক্ষুব্ধ হয়ে টুইটারে এক পোস্ট লেখেন কুশ নামের ভারতীয় যুবক। পোস্টে তিনি লেখেন, “বাবা-মা আমাকে কেন বাঁচিয়ে রেখেছেন তা বুঝতে পারছি না। শুধু কি একজন মানুষ তৈরি করাই তাদের কাজ? তবে আমার বিলগুলো পরিশোধ করবে কে? আমি? এটা তো আমার করার কথা নয়।”

যুবকের এই পোস্ট দেখে চুপ করে থাকতে পারেননি ‘পিঙ্ক’ অভিনেতা। এক টুইট পোস্টে যুবককে উদ্দেশ্য করে তিনি লেখেন, “তোমার বাবা-মা’কেও তাদের বাবা-মায়েরা জন্ম দিয়েছেন। তারা কি তাদের বিল পরিশোধ নিয়ে তোমার মতো উদ্বিগ্ন ছিলো???” অমিতাভের এ টুইট পোস্টের পরপরই এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

পরবর্তীতে তার পোস্টের জন্য লজ্জিত হন কুশ নামের ওই যুবক। বিগ-বি’র টুইটের জবাবে তিনি লেখেন, “স্যার, আপনার উপর সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আমি আসলে কিছুটা বিদ্রূপ করেই ওই পোস্টটি লিখেছিলাম। আমরা সবাই আমাদের বাবা-মাকে শ্রদ্ধা ও সম্মান করি। তাদের চেয়ে বড় দুনিয়াতে আর কেউ নেই।”

এ মুহূর্তে বিজয় কৃষ্ণান’য়ের ‘ঠগস অব হিন্দোস্তান’য়ের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অমিতাভ বচ্চন। সামনেই জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র উপস্থাপক হিসেবে পর্দায় হাজির হচ্ছেন তিনি।