যৌথ প্রযোজনার সিনেমার দরকার আছে : টেলি সামাদ
দর্শকদের হলমুখী করতে যৌথ প্রযোজনার চলচ্চিত্র দরকার আছে বলে জানালেন অভিনয়শিল্পী টেলি সামাদ। তার দৃষ্টিতে, বাংলাদেশ ও ইন্ডিয়ার ছবি মিক্সড সিনেমাগুলো দর্শকরা দেখছেন।
যৌথ প্রযোজনার দুই চলচ্চিত্র ‘বস-টু’ ও ‘নবাব’কে কেন্দ্র করে মাসজুড়েই চলছে নানা আলোচনা-সমালোচনা। শাকিব খান ও জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনার সিনেমার পক্ষেই সাফাই গাইছেন। তার বিপরীতে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪ টি সংগঠন ছবি দুটিকে ‘যৌথ প্রতারণা’ বলে অভিহিত করেছেন। যৌথ প্রযোজনার সিনেমা বন্ধে আন্দোলনের মাঠেও দেখা গেছে অভিনয়শিল্পীদের। তবে অভিনয়শিল্পী টেলি সামাদ জানালেন, ‘‘যৌথ প্রযোজনার সিনেমার দরকার আছে।’’
কারণ হিসেবে তার ব্যাখ্যা, ‘‘সিনেমা ইন্ডাস্ট্রি তো একেবারেই বন্ধ হওয়ার উপক্রম। হলমুখী মানুষ খুব কম। একটার পর একটা হল বন্ধ হচ্ছে। এর মাঝেও যে দু’ একটা ছবি ভালো হচ্ছে সেগুলো যৌথ প্রযোজনার। বাংলাদেশ ও ইন্ডিয়ার ছবি মিক্সড করে হলেও অন্তত কিছু মানুষ হলমুখী হচ্ছে।’’
যৌথ প্রযোজনার সিনেমা বন্ধে আন্দোলনকারীদের উদ্দেশ্যে জানালেন, ‘‘একচেটিয়া একজনকে বললে তো হবে না, তুমি ছবি করতে পারবে না। যারা ছবিগুলো প্রযোজনা করেছে তাদের তো অনেক টাকা খরচা হচ্ছে। একেবারেই চলতে পারবে না, চলবে না কিংবা শাকিব খান বের হয়ে যাও-এ ধরনের কথা তো যৌক্তিক না। বিষয়টা নিয়ে সবার সঙ্গে বসে একটা সিদ্ধান্তে আসা উচিত।’’
যৌথ প্রযোজনার পাশাপাশি সাফটা চুক্তির আওতায় সিনেমা বিনিময় নিয়ে তিনি জানালেন, ‘‘ভারত থেকে যদি পাঁচটা ছবি আসে আর আমাদের দেশ থেকে পাঁচটা ছবি যায় তাহলে সেটা নিয়ে আমার আপত্তি নাই। কিন্তু ওদের পাঁচটা আসবে আর আমাদের দুইটা সিনেমা যাবে এটা তো ঠিক না। সমান ভাবে যদি আসে তাহলে আসুক।’’
