২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রকি’ নিয়ে স্মৃতিকাতর স্ট্যালোন

খ্যাতির সুউচ্চ চূড়ায় তিনি উঠেছিলেন ‘রকি’ এবং ‘র‌্যাম্বো’র মতো সিনেমার মাধ্যমেই। মার্কিন অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন এবারে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুলে ধরলেন সেইসব দিনের কথা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 09:53 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

ইন্সটাগ্রামে পুরানো দিনের একটি ছবি প্রকাশ করে তার ক্যাপশনে স্ট্যালোন লিখেছেন, “যখন আমি ‘রকি’ লিখছিলাম, আমি আমার শৈশবের স্মৃতির আদলেই চিত্রনাট্যগুলো সাজিয়েছিলাম। এটা হলো আমার ছোটবেলার এলাকা, নিউ ইয়র্কের হেল্স কিচেন। আমার ঠিক পেছনের ভবনটিতেই আমরা থাকতাম। এরপর আমরা ফিলাডেলফিয়ায় চলে যাই।”

 

১৯৭৬ সালেল মার্কিন স্পোর্টস ড্রামা ‘রকি’র মাধ্যমেই পাদপ্রদীপের আলোয় উঠে আসেন সিলভেস্টার স্ট্যালোন। অস্কারজয়ী এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্যও রচনা করেছিলেন তিনি। পরবর্তীতে সিনেমাটির আরও ছয়টি সিকুয়েল মুক্তি পায়।

সিলভেস্টার স্ট্যালোনের আরেকটি বিখ্যাত চরিত্র হলো ‘র‌্যাম্বো’। মার্কিন এই সিনেমাটি এবার ভারতে হিন্দিতে রিমেইক করা হচ্ছে। এতে অভিনয় করছেন টাইগার শ্রফ।

‘র‌্যাম্বো’র হিন্দি রিমেইকের সংবাদ শোনার পরপরই ইন্সটাগ্রামে সিনেমাটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন স্ট্যালোন। পরবর্তীতে অবশ্য নির্মাতাদের কাছ থেকে আশ্বস্ত হওয়ার পর টাইগার শ্রফকে শুভকামনা জানিয়ে আরেকটি পোস্ট করেন তিনি।