শিল্পী সমিতি থেকে মৌসুমীর পদত্যাগের আবেদন
কমিটির সঙ্গে মতপার্থক্যের কারণেই শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ থেকে সরে দাঁড়াচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-১৯ মেয়াদে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ থেকে নিজের সদস্যপদ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ও অভিনেতা ওমর সানি। আবেদন পত্রে মৌসুমী জানিয়েছেন, ‘‘আমার ব্যক্তিগত নানাবিধ সমস্যার কারণে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়, সেকারণে আমি পদত্যাগ করতে আগ্রহী।’’
কিন্তু মৌসুমীর বরাত দিয়ে ওমর সানি গ্লিটজকে জানিয়েছেন ভিন্নকথা, “শিল্পী সমিতির কাছ থেকে যে ধরনের নেতৃত্ব চাচ্ছি তা পাচ্ছি না। সেকারণেই পদত্যাগ করেছে।’’
বিষয়টা আরো খানিকটা খোলাশা করলেন ওমর সানি, ‘‘শিল্পী সমিতির নির্বাচনে ভয়াবহ কেলেংকারি দেখেছি। একজনকে প্রথমে বললাম পাশ, কিন্তু পরে ফেল করে দিলাম। এটা কেমন কাজ? আর শিল্পী সমিতির কাজ তো শিল্পীদের স্বার্থ রক্ষা করা। রাজ্জাক আংকেলকে নিয়ে যখন আপত্তিকর কথা বলা হলো তখন শিল্পী সমিতি চুপ ছিলো। আলমগীর সাহেবকে বলা হলো উনি ফিল্ম বোঝেন না, তখনও শিল্পী সমিতি চুপ। একজন আর্টিস্টকে মারা হলো, উনি বিচার চাইলেন; কিন্তু সেখানেও তারা চুপ। বাপ্পারাজের বেলায়ও কোনো কথা বলেনি শিল্পী সমিতি।’’
তিনি আরো যোগ করলেন, ‘‘প্রধানমন্ত্রী কিছুদিন আগে শাবানা আপা ও মৌসুমীকে ডেকে নিলেন। শিল্পী সমিতির সদস্য হিসেবে মৌসুমীকে সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো উচিত ছিলো না?”
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকে উদ্দেশ্য করে সানি জানালেন, ‘‘তুমি তাকে সন্মান করছো না কেন?’’
তবে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানিয়েছেন, ‘‘উনি (মৌসুমী) ব্যস্ত মানুষ। সমিতিতে সময় দিতে পারবেন না। উনি কাজ, সংসার নিয়ে সবসময়ই ব্যস্ত থাকেন। পাশাপাশি ছেলে নতুন রেস্টুরেন্ট করেছে। সেখানেও সময় দিতে হয়। তাই উনাকে প্রেশার দিয়েও লাভ নেই। উনি আমাকে জানিয়েছেন, যদি সময়ই দিতে না পারি তাহলে পদে থেকে লাভ কী?’’
বর্তমান কমিটির সঙ্গে মতপার্থক্যের কারণেই পদত্যাগ করেছেন মৌসুমী। বিষয়টি জায়েদ খানকে অবহিত করলে তিনি তা অস্বীকার করে জানালেন, ‘‘নির্বাচনের সময় সবাই একটি পরিবার। প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। আমার মনে হয় না সেকারণেই উনি পদত্যাগ করেছেন। পদে থাকলে আন্দোলন, সংগ্রাম অনেক কিছুর ব্যাপার থাকে। মাঠে সময় দিতে হয়। কিন্তু উনি সময় দিতে না পারলে তো আর করার কিছু নেই।’’
উল্লেখ্য, গত ৫ মে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বছর মেয়াদি কমিটির নির্বাচনে মৌসুমী কার্যনির্বাহী সদস্যপদে জয়ী হন। তিনি ছিলেন ওমর সানী-অমিত হাসান প্যানেলে। তবে নির্বাচনে জয়লাভ করে মিশা-জায়েদ প্যানেল। নির্বাচিত হওয়ার পর থেকে শিল্পী সমিতির কোনো অনুষ্ঠানেই দেখা যায়নি মৌসুমীকে। ছিলেন না অভিষেক অনুষ্ঠানেও।
ছবি: ওমর সানির ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেয়া
