২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় পর্বের ‘সিনেমায়’ ‘গেইম অফ থ্রোন্স’-এর অষ্টম মৌসুম?

এইচবিওর ফ্যান্টাসি-ড্রামা সিরিজ ‘গেইম অফ থ্রোন্স’-এর অষ্টম সিজনটি সাজানো হতে পারে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মতো দীর্ঘ ছয়টি পর্ব দিয়ে- সম্প্রতি পাওয়া গেছে এমন ইঙ্গিতই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 08:24 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে সম্প্রতি হয়ে গেল ‘গেইম অফ থ্রোন্স’ ভক্তদের আয়োজিত ‘কন অফ থ্রোন্স ফ্যানস’ নামের একটি সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন সিরিজটির শব্দ প্রকৌশলী পলা ফেয়ারফিল্ড। তিনিই ডিজিটাল স্পাইয়ের কাছে ফাঁস করেন নির্মাতাদের এমন পরিকল্পনার কথা।

ফেয়ারফিল্ড বলেন, সিরিজটির দুই নির্মাতা ডেভিড বেনিয়ফ ও ডি বি ওয়েইজ সিদ্ধান্ত নিয়েছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মতো করে অষ্টম মৌসুমের ছয়টি পর্ব তৈরি করতে। এগুলো হবে পুরো সিরিজের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ পর্ব।

এর আগেই জানা গিয়েছিল সাত পর্বের সপ্তম সিজনের পর অষ্টম সিজনে ‘গেইম অফ থ্রোন্স’-এ দেখা যাবে মাত্র ছয়টি পর্ব। এবারে জানা গেল প্রতিটি পর্বের দৈর্ঘ্য দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত হতে পারে।

চলতি মাসের ১৬ তারিখেই শুরু হবে ‘গেইম অফ থ্রোন্স’-এর সপ্তম মৌসুম। এরমধ্যেই অন্তর্জালে সাড়া ফেলেছে সপ্তম সিজনের ট্রেইলার, যেখানে ওয়েস্টরস ও এসোসের দিকে ঘনিয়ে আসতে দেখা গেছে যুদ্ধের কালো মেঘ। টার্গারিয়ান ও ল্যানিস্টারদের যুদ্ধের মধ্যে ডেনেরিস টার্গারিয়ান আর জন স্নোদের জনপ্রিয় চরিত্রগুলোর ভাগ্যে কী লেখা আছে, তা জানতে এখন উদগ্রীব সিরিজটির লাখ লাখ ভক্ত।