২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দয়া করে চলচ্চিত্র শিল্পকে বাঁচান: কাজী হায়াত

যৌথপ্রযোজনার চলচ্চিত্র নিয়ে সরকারের পক্ষে সাফাই গাইলেন প্রবীণ নির্মাতা কাজী হায়াত। অন্যদিকে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আবেদন জানালেন, “দয়া করে চলচ্চিত্র শিল্পকে বাঁচান”।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 08:12 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণে অনিয়ম ঠেকাতে আন্দোলন করছে এফডিসি ভিত্তিক চলচ্চিত্রের ১৬টি সংগঠন। ঈদে যৌথপ্রযোজনার দুই ছবি মুক্তিকে কেন্দ্র করে রাজপথে আন্দোলনেও নামে তারা। ফল না পেয়ে তথ্যমন্ত্রীকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে তার পদত্যাগও দাবি করেছে তারা। বয়কট করেছে চিত্রনায়ক শাকিব খান ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজকেও। এবার সেই শিবিরে যোগ দিয়ে সরকারের গুণগান গাইলেন নির্মাতা কাজী হায়াত।

মঙ্গলবার রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কাজী হায়াত বলেন, “আমাদের চলচ্চিত্র দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে। যার এক হলো যৌথপ্রযোজনার ছবি ও অপরটি হলো যৌথপ্রযোজনার পক্ষে বিপক্ষে। আমার মনে হয়, বর্তমান সরকার যৌথ প্রযোজনার জন্য যে পরিচ্ছন্নতা অবলম্বন করে করেছে তা আগের কোনো সরকার এমন করেনি। কেননা এ ধরণের ছবি নির্মাণে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ প্রিভিউ কমিটি কাজ করছে। কমিটি চিত্রনাট্য, কলাকুশলীর সংখ্যাসহ পূর্ণাঙ্গপ্রস্তাব নীতিমালা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদন দেওয়ার পরই কেবল যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ শুরু করা যায়। এরপর যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ শেষে আবারও এ প্রিভিউ কমিটির কাছে জমা দিতে হয়। প্রিভিউ কমিটি ফের নির্মিত চলচ্চিত্রটি নীতিমালা অনুযায়ী নির্মিত হয়েছে কি-না, তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়পত্র দিলেই নির্মাতা বা প্রযোজক তা সেন্সর সনদের জন্য বোর্ডে জমা দেন।”

‘নবাব’ ছবির সাফল্য উদযাপনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “ঈদে শাকিব অভিনীত ‘নবাব’ ছবিটি সফলতা পেয়েছে। ৭১ বছর বয়স চলছে আমার। বলতে গেলে আমার মাথা থেকে পা পর্যন্ত চলচ্চিত্র। বর্তমানে এ শিল্পে অস্থিরতা বিরাজ করার কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সমাধান দ্রুত করা উচিত। দয়া করে চলচ্চিত্র শিল্পকে বাঁচান।”

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চিত্রনায়ক শাকিব খান, প্রযোজক আবদুল আজিজ, মোহাম্মদ হোসেন, গাজী মাহবুব, প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সেন্সরবোর্ডের সদস্য শাবান মাহমুদ, প্রযোজক ইকবাল ও অভিনেতা নাদের চৌধুরী ও শিবাসানু।