২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই হাজারের কত কাছে ‘দঙ্গল’?

বহুদিন ধরেই ভারতের সর্বোচ্চ আয়ের সিনেমায় পরিণত হওয়ার দিনক্ষণ গুণছে আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমাটি। কিন্তু সিনেমাটির এক মুখপাত্র এবার জানালেন দুই হাজার কোটি রুপির ঘর পেরুতে আরও খানিকটা সময় লাগবে ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 07:29 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

গত এক সপ্তাহ ধরে অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী আয়ের কোটা দুই হাজার কোটি রুপি ছাড়িয়েছে ‘দঙ্গল’-এর। খবরটি যে সত্যি নয়, এবারে তা জানা গেল সিনেমার এক মুখপাত্রের কাছ থেকে।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে ওই মুখপাত্র বলেন, “অমরা বেশকিছুদিন ধরেই কিছু খবরে দেখছি, ‘দঙ্গল’-এর মোট আয় নাকি দুই হাজার কোটি ছাড়িয়েছে! কেবলমাত্র বিষয়টি পরিষ্কার করার জন্য বলছি, বৃহস্পতিবার পর্যন্ত এর আয় ছিল ১৮৬৪ কোটি রুপি।”

তিনি আরও বলেন, “আমরা খুবই আনন্দিত সিনেমাটির সাফল্যে এবং আমির খান ও তার দলের জন্য দর্শকের ভালোবাসাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যা তারা গোটা বিশ্বের দর্শকের কাছ থেকেই পেয়েছেন। এখন আমরা মুখিয়ে আছি বিশ্বের অন্য অঞ্চলগুলিতে এর মুক্তির জন্য, যেখানে এর আগে আমরা পৌঁছাতে পারিনি।”

২০১৬’র ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি ভারতে আড়াই মাসেরও বেশি ব্যবসা করার পর চলতি বছরে মুক্তি পায় চীনে। সেখানে মুক্তি পাওয়া হলিউডি সিনেমাগুলিকেও পেছনে ফেলে একের পর এক রেকর্ড সৃষ্টি করে সিনেমাটি।