লিও ভক্ত দীপিকা
কিশোর বয়সে সিনেমার তারকাদের প্রেমে পড়েননি এমন মানুষ খুব কমই রয়েছে। ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে দীপিকার ছেলেবেলার একটি ছবি। এ ছবিতে কিশোরী দীপিকার দেয়ালজুড়ে দেখা গেছে তার স্বপ্নের নায়ককে!
সম্প্রতি ইন্সটাগ্রামে ছেলেবেলার একটি ছবি প্রকাশ করেন দীপিকা পাড়ুকোন। ছবিতে দীপিকা ও বোন আনিশা যে ঘরে থাকতেন তারও অংশ দেখা গেছে। দীপিকার ঘরের দেয়াল জুড়ে দেখা গেছে ‘টাইটানিক’ সিনেমার পোস্টার ও লিওনার্দো ডি’ক্যাপ্রিও’র বড় বড় ছবি! দেয়ালের এক পাশের অংশে দেখা গেছে টাইটানিক’য়ের সাড়া জাগানো গান ‘মাই হার্টস উইল গো অন’য়ের কথা।
প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ছবিটি। ছবিতে কিশোরী দীপিকাকে দেখতে লাগছিলোও বেশ। এর আগে এক স্মৃতিচারণায় দীপিকা জানিয়েছিলেন, ছেলেবেলায় তিনি ও তার বোনকে এক ঘরে থাকতে দিয়েছিলেন তাদের মা। দুই বোনের মধ্যে যাতে সুসম্পর্ক তৈরি হয় সে কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।
এ মুহূর্তে বলিউড ও হলিউডের সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপিকা। সামনেই রণবীর সিং ও শহীদ কাপুরের সঙ্গে ‘পদ্মাবতী’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া ইরফান খানের বিপরীতে বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। হলিউডে ভিন ডিসেলের বিপরীতে ‘ট্রিপল এক্স- ফোর’য়েও দেখা যাবে তাকে।
