শাহরুখের সিনেমা থেকে বাদ পড়লো ‘যৌনমিলন’ শব্দটি
সামনেই আসছে শাহরুখ-আনুশকার নতুন সিনেমা ‘যব হ্যারি মেট সেজাল’। এ ছবির ট্রেইলার থেকে ‘ইন্টারকোর্স’ শব্দটির বাদ পড়া নিয়ে এই মধ্যে শুরু হয়েছে শোরগোল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতের সেন্সর বোর্ড প্রধান পাহলাজ নিহালানি এক সাক্ষাৎকারে বলেন, “আমরা এ সিনেমারর ট্রেইলার ও মূল সিনেমা দু’জায়গা থেকেই ‘ইন্টারকোর্স’ (যৌনমিলন) শব্দটি ফেলে দিয়েছি। যদি আপনারা এ শব্দটি বাদ দিতে না চান তবে গণভোট নিয়ে দেখতে পারেন। যদি এক লাখ ভারতীয় জনগণ এর পক্ষে ভোট দেন তবে আমরা এ শব্দটি রেখে দেব।”
এ সময় তিনি আরও বলেন, “বাবা-মায়েরা যদি তাদের ১২ বছরের সন্তানের সামনে এই শব্দটি উচ্চারিত হোক এমনটা চান তবে আমাদের কোনো আপত্তি নেই সিনেমায় এ ধরণের শব্দ রাখতে।”
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় ইমতিয়াজ আলী পরিচালিত ‘যব হ্যারি মেট সেজাল’ সিনেমার সংক্ষিপ্ত ট্রেইলার। ট্রেইলারে একটি দৃশ্যে আনুশকা শর্মাকে ‘ইন্টারকোর্স’ শব্দটি বলতে শোনা গেছে। টেলিভিশন ও সিনেমা হলে এ দৃশ্যটি প্রকাশের জন্য নিষিদ্ধ করা হয়েছে সেন্সর বোর্ডের পক্ষ থেকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ভিডিওটি।
৪ আগস্ট মুক্তি পাবে ‘যব হ্যারি মেট সেজাল’ সিনেমাটি।
