নতুন প্রজন্মের কণ্ঠে কালজয়ী সুর
ঈদ উপলক্ষ্যে ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের জনপ্রিয় সুরকারদের গান নিয়ে ‘যে গান হৃদয় মাঝে’ প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্রের বহু জনপ্রিয় গানের সুরকার সত্য সাহা, খান আতাউর রহমান, সুবল দাস, আলাউদ্দিন আলী, আলম খান ও শেখ সাদী খান। এবার তাদের জনপ্রিয় কিছু গান নতুন করে গাইবেন এ প্রজন্মের কিছু শিল্পী। ‘যে গান হৃদয় মাঝে’ সাজানো হয়েছে এমন পরিকল্পনা নিয়েই।
অনুষ্ঠানটির প্রযোজক স্বীকৃতি বড়ুয়া জানিয়েছেন, এ অনুষ্ঠানে জনপ্রিয় বিভিন্ন গান পরিবেশন করবেন এ প্রজন্মের শিল্পীরা। ঈদের ছয়দিনের প্রতিদিন একজন করে সুরকারের গান থাকবে। একজন পুরুষ ও একজন নারী শিল্পী একক ও দ্বৈতভাবে মোট দশটি গান করবেন।
ঈদের দিন সত্য সাহার গানগুলো গাইবেন রাজীব ও লুইপা। ঈদের দ্বিতীয় দিন আলম খানের জনপ্রিয় গানগুলো গাইবেন আরিফ ও স্বরলিপি। ঈদের তৃতীয় দিন সুরকার আলাউদ্দিন আলীর গানগুলো গাইবেন অপু ও সুপ্তিকা। ঈদের চতুর্থ দিন সুরকার সুবল দাসের গানগুলো গাইবেন সাব্বির ও রন্টি। ঈদের পঞ্চম দিন শেখ সাদী খানের কালজয়ী গানগুলো গাইবেন ইউসুফ ও সিঁথি। ঈদের ষষ্ঠ দিন মামুন জাহিদ ও মিতু কর্মকার গাইবেন খান আতাউর রহমানের সুর করা গানগুলো।
ঈদের ৭ম দিন রাজীব, লুইপা, মামুন, মিতু, আরিফ, স্বরলিপি, অপু, সুপ্তিকা, সাব্বির, রন্টি, ইউসুফ, সিঁথি সকলের অংশগ্রহনে থাকছে বিশেষ প্রযোজনা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সংগীতশিল্পী লিজা। ঈদের দিন থেকে প্রতিদিন রাত ১টায় শুরু হবে গানের অনুষ্ঠানটি।
