আমিরের তৃতীয় বিয়ে নিয়ে সালমানের দুশ্চিন্তা
বলিউডের চিরকুমার হিসেবে সুপরিচিত সালমান খান। বিভিন্ন সময় তাকে নিয়ে প্রেম ও বিয়ের গুজব রটলেও আজ অবধি বিয়ের পিঁড়িতে বসেননি ৫১ বছর বয়েসি এ তারকা। সম্প্রতি তার বিয়ে নিয়ে বন্ধু আমির খানের করা মন্তব্যের পাল্টা জবাব দিলেন তিনি!
আমির খানের সঙ্গে সালমানের বন্ধুত্ব বরাবরই রহস্যময়। দু’জন দু’জনের ভালো বন্ধু হলেও একসঙ্গে খুব একটা দেখা যায়নি তাদের। তবে বরাবরই একে অপরকে নিয়ে মন্তব্য করে হয়েছেন খবরের শিরোনাম!
হিন্দুস্তান টাইমস জানায়, ক’দিন আগেই গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে আমির বলেছিলেন, বন্ধু সালমানকে শিগগিরি বিবাহ বন্ধনে আবদ্ধ দেখতে চান তিনি। জবাবে সালমান বলেন, “খবরে পড়েছি যে আমাকে বিয়ে করে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে চায় আমির। আর আমি চাই তার হাত-পা বেঁধে রাখতে যাতে তৃতীয়বারের জন্য আবার বিয়ের পিঁড়িতে না বসতে পারে সে।”
সর্বশেষ রোমান মডেল ও অভিনেত্রী লুলিয়া ভানটুরের সঙ্গে সালমানের প্রেমের গুজব শোনা গেলেও শেষ পর্যন্ত ধোপে টেকেনি সেটি। সামনেই আসছে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের বিপরীতে সালমানের নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’।
