নতুন মাইলফলকে ‘দঙ্গল’
মুক্তির পর থেকেই একের পর এক নতুন রেকর্ড গড়ে চলেছে আমির খান অভিনীত ‘দঙ্গল’। এবার ইংরেজি ছাড়া অন্যান্য ভাষার ছবিগুলোর মধ্যে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ আয়ের সিনেমায় পরিণত হলো এই সিনেমা।
২০১৬’র শেষ দিকে ভারতে মুক্তি পাওয়ার পর বছরের সেরা ব্যবসাসফল সিনেমায় পরিণত হয় নিতেশ তিওয়ারির এই সিনেমা। চলতি বছরে সিনেমাটি মুক্তি দেওয়া হয় চীনে। সেখানেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কুস্তিগীর মহাবীর ফোগতের জীবনীমূলক সিনেমাটি।
তুমুল আলোড়ন তোলা এস এস রাজামৌলির ‘বাহুবলী টু’কেও ছাপিয়ে গেছে ‘দঙ্গল’-এর আয়, অনেক আগেই। সিনেমাটির আয় এখন ১৯৩০ কোটি রুপি। অর্থাৎ, ৩০ কোটি ডলার। এরমধ্যে ১৭ কোটি ৯৮ লাখ ডলার এসেছে চীন থেকেই।
ফোর্বস বলছে, গোটা বিশ্বেই ইংরেজি ছাড়া অন্য ভাষার মাত্র চারটি সিনেমা আয় করেছে এর চেয়ে বেশি। এগুলো হলো- জাপানের ‘ইওর নেইম’ (৩৫ কোটি ৪০ লাখ ডলার), ফ্রান্সের ‘ইনটাচেবলস’ (৪২ কোটি ৭০ লাখ ডলার), চীনের ‘মনস্টার হান্ট’ (৩৮ কোটি ৬০ লাখ ডলার) এবং ‘দ্য মারমেইড’ (৫৩ কোটি ৩ লাখ ডলার)।
গোটা বিশ্বেই ৪০০ টি সিনেমা আছে যেগুলো ৩০ কোটি ডলারের উপরে আয় করতে পেরেছে। এরমধ্যে ভারতের সবেন নীলমণি এখন ‘দঙ্গল’। বিষয়টি দেশটির জন্য ‘গর্বের ব্যাপার’ বলে অভিহিত করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
