শুটিংয়ে গ্লিসারিন ছাড়াই কাঁদেন জয়া
ঈদ উপলক্ষ্যে নির্মিত মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ম্যাড ক্যাফে-তে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে জয়া জানালেন তার পাগলামির যতো কথা।
শিশুরা চকোলেট খেতে ভালোবাসে, মিষ্টি জাতীয় সামগ্রীর প্রতি তাদের বাড়তি আগ্রহ থাকে। তবে চিত্রনায়িকা জয়া আহসান যখন ছোট ছিলেন তখন থেকেই ভেষজ ফল খাওয়া ছিল তার নেশা। মজার ব্যাপার হলো, এখনও সে নেশা ত্যাগ করতে পারেননি তিনি।
সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জন্য ঈদের বিশেষ অনুষ্ঠান ম্যাড ক্যাফে’র আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন জয়া। পুরো অনুষ্ঠান জুড়েই নিজের পাগলামোর নমুনা তুলে ধরেন তিনি।
জয়া বলেন, বনে-জঙ্গলে কত ধরনের ফলই তো থাকে, ছোটবেলা থেকেই এ ধরনের ফলের প্রতি ছিল আমার লোলুপ দৃষ্টি। যে ফল সবাই খায়না, সে ফল আমাকে খেতেই হবে। এই উদ্ভট নেশার মাশুলও অবশ্য আমাকে গুণতে হয়েছে। বিষযুক্ত ফল খেয়ে হাসপাতালেও যেতে হয়েছে। যদিও মাথা থেকে ভেষজ ফল খাওয়ার নেশা এখনও যায়নি।
ম্যাড ক্যাফে অনুষ্ঠানেই তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া জানান, আবেগী দৃশ্যে কান্নার অভিনয় করবার জন্য তিনি কখনো গ্লিসারিন ব্যবহার করেননি। কারণ গ্লিসারিনে তার অ্যলার্জি। অভিনীত চরিত্রের কাছে আত্মসমর্পণ করে প্রকৃতিগতভাবেই সব নাটকে এবং চলচ্চিত্রে কেঁদেছেন জয়া।
তানভীর হোসেন প্রবালের উপস্থাপনা ও মনিরুজ্জামান খানের প্রযোজনায় ম্যাড ক্যাফে প্রচারিত হবে ঈদের ৩য় দিন, রাত ১০টা ৩০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।
এদিকে, জয়া জানিয়েছেন অর্ণব পাল পরিচালিত কলকাতার ছবি ‘বৃষ্টি তোমাকে দিলাম’ চলচ্চিত্রের একটি অংশের কাজ সেরে তিনি এখন ব্যস্ত সামুরাই মারুফ পরিচালিত ‘মেসিডোনা’ চলচ্চিত্রের শুটিংয়ের কাজে। ঢাকা ও ঢাকার বাইরে চলছে চলচ্চিত্রটির টানা শুটিং।
