২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ‘ডুব’

মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের মূল প্রতিয়োগিতায় জায়গা করে নেয়ার পর এবার ‘ডুব’ যাচ্ছে সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2017, 06:17 PM

Updated : 11 Oct 2022, 02:09 PM

বিশ্বের প্রথম শ্রেণির চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে একটি সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল। উৎসবে বিশ্বসেরা ১৫টি চলচ্চিত্রের মধ্যে প্রতিযোগিতার জন্য জায়গা করে নিয়েছে ইরফান খান তিশা অভিনীত ‘ডুব’। উৎসবে দু’বার পাম দ’র ও একবার অস্কারজয়ী নির্মাতা বিল আগস্টের ‘দ্য চাইনিজ উইডো’ প্রতিযোগিতার প্রথমে রয়েছে। হংকং পরিচালক অ্যান হুই ও সিলভার লায়নজয়ী চাই সাংজুন রয়েছেন উল্লেখযোগ্য দলে। প্রধান প্রতিযোগিতায় জার্মানি, যুক্তরাস্ট্র, রাশিয়া, চীন, ইরান, বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, রোমানিয়া, পোল্যান্ড, ইতালি, জাপান এবং যুক্তরাজ্যের ১৫টি ছবি নির্বাচন করা হয়েছে।

জুরি বোর্ডে থাকছেন-পাম দ অর জয়ী ক্রিস্টিয়ান মুঙু জুরি বোর্ড সভাপতি। তাকে বলা হয় রোমানিয়ান নিউ ওয়েভের পোস্টার বয়। তার তিন ছবি কান চলচ্চিত্র উৎসবে চারটি পুরস্কার জিতেছে। আছেন অস্কারজয়ী হুইপল্যাশের প্রযোজক গ্যারি মিশেল ওয়াল্টার, গোল্ডেন লায়ন জেতা মিলশো মানচেভস্কি এবং তিন গুরুত্বপূর্ণ চীন ও জাপানিজ পরিচালক।

এমন গুরুত্বপূর্ণ উৎসবে ‘ডুব’ নির্বাচিত হওয়ার খবরে উচ্ছ্বসিত ফারুকী। তিনি বলেন, “বিল অগাস্টের অস্কার ও কানজয়ী ছবি 'পেলে দ্য কনকারার' দেখে স্তব্ধ হয়ে গেছিলাম, জার্মান কালচারাল সেন্টারে, সেই ছোটবেলায়। আজকে যখন তাঁর নতুন ছবির সঙ্গে একই প্রতিযোগিতায় আমারও ছবি নির্বাচিত হয়, তখন আমার ভিতর এক ফ্যান বয়ের উচ্ছ্বাস শুরু হয়।”

তিনি আরও বলেন, “যে কোনো এলিট ফেস্টিভালের প্রতিযোগিতায় নির্বাচিত প্রায় সব ছবিই জেতার ক্ষমতা রাখে। কারণ কয়েক হাজার ছবির মধ্য থেকে নির্বাচিত হয় এই ছবিগুলা। ফলে অনুমান করা যায় টাফ কম্পিটিশন হবে।”

চীনের অন্যতম সম্মানজনক এ চলচ্চিত্র উৎসবের এবারের আসর বসছে ১৭ জুন থেকে। উৎসব চলবে ২৫ জুন পর্যন্ত। জানা গেছে, উৎসবে অংশ নিবেন ছবিটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, ইরফান খান, প্রযোজক অশোক ধানুকা ও আব্দুল আজিজ।