ভক্তদের সিঁথি সাহার ঈদ উপহার
ঈদুল ফিতরে টেলিভিশনের পর্দায় আসছে চলচ্চিত্র ‘আয়ানবাজি’র ছায়া অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’। সিরিজের দুটি নাটকে থাকছেন কণ্ঠশিল্পী সিঁথি সাহা।
‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’য়ের এই আয়োজনের প্রতিটি পর্ব নতুন গল্পে সাজানো । যেগুলো নির্মাণ করছেন বর্তমান সময়ের সাতজন গুণী নির্মাতা। এই নাটকগুলোর একটিতে অভিনয়শিল্পী ও অন্যটিতে গায়িকা হিসেবে থাকছেন সিঁথি সাহা।
ঈদের তৃতীয় দিন ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’-এ প্রচারিত হবে নির্মাতা আশফাক নিপুণের নাটক ‘দ্বন্দ্ব সমাস’। নাটকটিতে মালা চরিত্রে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী সিঁথি সাহা। আর এ চরিত্রে তিনি রওনক হাসানের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন।
ঈদের সপ্তম দিন প্রচারিতব্য গৌতম কৈরির ‘শেষটা একটু অন্যরকম’ নাটকের জন্য ‘বিস্ময় ঘোর’ শিরোনামের গানে কন্ঠ দিয়েছেন সিঁথি সাহা। গানটির কথা লিখেছেন মুনজুরুল শিবলী। গানটির সুর-সংগীত করেছেন কলকাতার সংগীত পরিচালক ইন্দ্রজিত দাশগুপ্ত।
এ প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, “দ্বন্দ্ব সমাস’ নাটকে আমার চরিত্র খুবই ছোট। তবে গল্পের নায়িকা হিসেবে আছি। এতে মালা মেয়েটি হিন্দু পরিবারের। মূল ঘটনা রওনক হাসানকে ঘিরে আবর্তিত হয়। প্রায় ১ বছর পর নাটকে অভিনয় করলাম। আর গানে তো নিয়মিতই কাজ করছি। সে ধারাবাহিকতায় দ্বিতীয় নাটকটিতে গাইলাম।”
এই সিরিজের আওতায় ঈদের প্রথম দিন কৃষ্ণেন্দু চট্টোপ্যধায়ের ‘ফুল ফোটানোর খেলা’, দ্বিতীয় দিন সুমন আনোয়ারের ‘রাতুল বনাম রাতুল’, তৃতীয় দিন আশফাক নিপুণের ‘দ্বন্দ্ব সমাস’, চতুর্থ দিন তানিম রহমান অংশুর ‘কে? কেন? কীভাবে?’, পঞ্চম দিন রবিউল আলম রবির ‘মুখোমুখি’ এবং ষষ্ঠ দিন আমিতাভ রেজা চৌধুরীর ‘মার্চ মাসে শুটিং’ ও সপ্তম দিন গৌতম কৈরির ‘শেষটা একটু অন্যরকম’ নাটকগুলো প্রচারিত হবে।
ঈদ আয়োজনে টানা সাত দিন - জিটিভি, আরটিভি এবং মাছরাঙা টেলিভিশন চ্যানেলে একইসঙ্গে প্রতিদিন রাত ৮টায় ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ প্রদর্শিত হবে।
