২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিব-শুভশ্রীর ‘যাবো নিয়ে’

শুক্রবার ইউটিউবে প্রকাশিত হলো ‘নবাব’ সিনেমার নতুন গান ‘যাবো নিয়ে’। ৯ জুন গানটি প্রকাশের পর মাত্র ২৪ ঘন্টার মধ্যেই শাকিব-শুভশ্রীর রোমান্টিক ধাচেঁর গানটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2017, 05:12 PM

Updated : 19 Aug 2022, 04:51 PM

যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ সিনেমার এই গানটি নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে সিনেমাটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। তবে গানটি সবচেয়ে বেশি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলেই সাড়া ফেলেছে।

শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ‘যাবো নিয়ে’ গানটি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ১ লাখ ৩০ হাজার ২১০ বার দেখা হয়েছে। আর একই সময় পর্যন্ত এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে গানটি দেখা হয়েছে মাত্র ৫৭ হাজার ৫১৫ বার।

‘যাবো নিয়ে’ গানটিতে শাকিব-শুভশ্রী জুটির প্রেমের রসায়ন বেশ ভালোই ভাবেই দেখা গেছে। বিশেষ করে গানটিতে শাকিবকে দেখে মনে হয়েছে তিনি ঢাকা নন, কলকাতার নায়ক!

 

রোমান্টিক ধাঁচের গানটিতে কণ্ঠ দিয়েছেন অঙ্কিত তিওয়ারি ও মধুরা। গানের কথা ও সংগীতায়োজন করেছেন স্যাভি। গানটির কোরিওগ্রাফি করেছেন সিনেমার নির্মাতা বাবা যাদব নিজেই।

‘নবাব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন টালিসুন্দরী শুভশ্রী গাঙ্গুলী। এছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ। সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা বাবা যাদব।

যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ শাকিব অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে ‘শিকারি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমায় অভিনয় করেন শাকিব খান, যা ছিল গতবছরের অন্যতম বড় হিট সিনেমা।