হলিউডে দীপিকা ও প্রিয়াঙ্কার ব্যর্থতা বলিউডের জন্য দুঃসংবাদ
দীপিকা পাড়ুকোনের ‘ট্রিপল এক্স: দ্য জেন্ডার কেইজ’ ও প্রিয়াঙ্কা চোপড়ার ‘বেওয়াচ’য়ের ব্যর্থতাকে বলিউডের জন্য দুঃসংবাদ বলে অভিহিত করলেন বলিউড ও হলিউড মাতানো ভারতীয় অভিনেতা গুলশান গ্রোভার।
‘গ্যাংস্টার’, ‘জিসম’সহ অনেক হিন্দি ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন গুলশান গ্রোভার। বলিউডের ‘ব্যাডম্যান’ খ্যাত এ তারকা সফল হয়েছেন ‘কেইপ কারমা’, ‘সুইট আমেরিকা’, ‘প্রিজনারস অব দ্য সান’ ইত্যাদি হলিউড ছবিতেও। এবারে দীপিকা ও প্রিয়াঙ্কার হলিউডে অভিনয় প্রসঙ্গে বললেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাতকারে গুলশান বলেন, “আমি যখন হলিউডে কাজ শুরু করি তখন ইন্টারনেটের এতটা প্রভাব ছিলো না। তাই বলিউডে আমরা কি কাজ করি সে সম্পর্কে হলিউডের লোকেরা তেমন একটা জানতো না। কিন্তু এখন এ অবস্থার পরিবর্তন ঘটেছে। তারা আমাদের কাজ সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছে। আমাদের অভিনেত্রীরাও এখন হলিউডে কাজ করছেন। এটা খুবই ভালো।”
দীপিকা ও প্রিয়াঙ্কার হলিউড অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, “আমার মনে হয়েছে দীপিকা ও প্রিয়াঙ্কা দুজনেই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তবে হলিউডের কাজের ধরন বলিউডের চেয়ে বেশ আলাদা। হয়ত হলিউডে ভাল অবস্থান তৈরি করতে তাদের আরও সময় লাগবে। তবে দীপিকা ও প্রিয়াঙ্কার অভিষেক ছবির ব্যর্থতা বলিউডের জন্য দুঃসংবাদ। এরপর বলিউড থেকে যারা হলিউডে কাজ করতে যাবেন তাদের জন্য কাজ পাওয়াটা কঠিন হবে।”
বলিউড অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অমিতাভ বচ্চন ও কঙ্গনা রানাউতের কাজের প্রশংসা করেন তিনি।
