২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ নাটকে পূর্ণেন্দু পত্রীর শুভঙ্কর-নন্দিনী

পূর্ণেন্দু পত্রীর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘কথোপকথন’ এর জনপ্রিয় দুই চরিত্র শুভঙ্কর ও নন্দিনীকে এবার রঙিনপর্দায় দেখা যাবে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2017, 07:39 PM

Updated : 11 Oct 2022, 02:08 PM

নইম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ঈদ উপলক্ষ্যে নির্মিত হয়েছে নাটক ‘কথপোকথন’। কবিতা থেকে এর টিত্রনাট্য করেছেন মাসুম শাহরিয়ার। সম্প্রতি ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে। নাটকে শুভঙ্কর চরিত্রে অভিনয় করেছেন টিভি ও চলচ্চিত্র অভিনেতা ইমন, নন্দিনী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মৌটুসী বিশ্বাসকে।

পড়ন্ত যৌবনে এসে ফের দেখা হয় শুভঙ্কর ও নন্দিনীর। চোখের সামনে ধরা দেয় পুরো অতীত। নন্দিনী এখন বিবাহিত ও সন্তানের জননী। কিন্তু শুভঙ্কর এখনও সেই ঘোর লাগা চোখে নন্দিনীকেই মনে রেখেছেন। তাদের অতীত ও বর্তমানের মাঝে দাঁড়িয়ে চিত্রায়িত হলো বিখ্যাত এ প্রেমগাথা।

মৌটুসী বিশ্বাস গ্লিটজকে জানালেন, নব্বই দশকের তরুণী নন্দিনীর রূপ ধারণ করেছেন তিনি। নাটকের জন্য পোশাক নির্বাচন নিয়ে খুব সচেতন ছিলেন। ময়মনসিংহ জেলার আনন্দমোহন কলেজ, শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক, মুসলিম ইনস্টিটিউট লাইব্রেরী এবং ব্রক্ষপুত্র নদীর পাড়ে নাটকটির শুটিং হয়। তিনদিনের শুটিং শেষ হয় ঢাকায়।

মৌটুসী বললেন, “কবিতা পড়ার জায়গা থেকে আমি একটু পিছিয়ে আছি। যে সময়টা সবাই কবিতার দিকে ঝুঁকে তখন আমি গদ্যের পাঠক ছিলাম। কবিতার প্রতি প্রেমটা আমার ধীরে ধীরে জেগেছে। ফলে অনেক কবিতাই পড়া হয়নি। তবে, কাজের প্রয়োজনে অবশ্যই পড়ে নেয়া হয়। পূর্ণেন্দু পত্রীর ‘কথোপকথন’ আমি ইউটিউব থেকে শুনে নিয়েছি। খুব চমৎকারভাবে নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরিয়ার।”

নাটকে তার অভিনীত নন্দিনী চরিত্রটি নিয়েও বললেন মৌটুসী, “নন্দিনীকে আমার অবাস্তব চরিত্র বলে মনে হয়নি। চিত্রনাট্যে নন্দিনীকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, নন্দিনীকে খুব রোমান্টিক একটা চরিত্রের পাশাপাশি প্র্যাক্টিক্যালও মনে হয়েছে। নন্দিনী চরিত্রে অভিনয়ের জন্য আমি সে সময়ের পোশাক কেমন ছিলো ভেবেছি। নাটকেতো কস্টিউম ডিজাইনার ব্যবহারের সুযোগ সবসময় থাকেনা। আমি একজন কস্টিউম ডিজাইনারের পরামর্শ নিয়েছি। সবাই খুব পরিশ্রম করেছে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।”

নির্মাতাসূত্রে জানা যায়, নাটকটি আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে দেখানো হবে।