‘সাহো’ মাতাতে চলেছে বাহুবলী জুটি
‘বাহুবলী-টু’য়ের অভাবনীয় সাফল্যের পর এ ছবির জনপ্রিয় জুটি প্রভাস ও আনুশকাকে নিয়ে নতুন ছবি হবে এ আর নতুন কি? এবার আগাগোড়া আধুনিক জুটি হিসেবেই পর্দায় হাজির হচ্ছে প্রভাস-আনুশকা ।
সুজিত পরিচালিত ‘সাহো’ ছবিতে নতুন রূপে দেখা যাবে প্রভাসকে- এ কথা শোনা গিয়েছিলো আগেই। তবে প্রভাসের বিপরীতে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে তা নিশ্চিত ছিলো না। ‘বাহুবলী’ তারকার বিপরীতে এ ছবির জন্য শোনা গিয়েছিলো ক্যাটরিনা কাইফের নাম। তবে শেষ অবধি ক্যাটরিনাকে হটিয়ে প্রভাসের নায়িকা হিসেবে দেখা যাবে আনুশকাকেই ।
আইএনএস’কে দেওয়া সাক্ষাতকারে পরিচালক সুজিত বলেন, “ একই সঙ্গে তামিল, তেলুগু ও হিন্দি’তে মুক্তি দেয়া হবে ‘সাহো’। তিন ভাষাতেই কণ্ঠ দেবেন প্রভাস। আমি চাইছি এ ছবির মাধ্যমে দর্শককে নতুন কিছু উপহার দিতে। বিশেষ করে অ্যাকশন দৃশ্যে কিছু নতুন চমক থাকবে। আশা করি দর্শকের তা ভালো লাগবে।”
আসছে জুলাইতেই শুরু হবে ছবিটির দৃশ্যধারণের কাজ। ছবির প্রধান খলনায়ক চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা নীল নিতিন মুকেশকে।
