২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিরকুট-এর নতুন অ্যালবাম ‘উধাও’

চারবছর পর প্রকাশিত হচ্ছে ব্যান্ডদল চিরকুটের তৃতীয় অ্যালবাম ‘উধাও’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 08:14 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

উধাও হোক অস্থিরতা, উধাও হোক অন্ধকার, ভালোবাসা আর প্রেমে সাজাক শরীর পৃথিবী তার-এমন আহ্বানে চারবছর পর প্রকাশিত হতে যাচ্ছে ব্যান্ডদল চিরকুটের অ্যালবাম। দলটির প্রকাশিতব্য এ তৃতীয় অ্যালবামটির নাম ‘উধাও’। বৃহস্পতিবার দুপুরে গ্লিটজকে এমন তথ্য জানালেন দলের ভোকাল শারমিন সুলতানা সুমি। 

কাঁটাতার ভেঙে চাঁদ উপচে পড়ে, সোডিয়াম বাস পথ সাঁতরে চলে, ঠিক সময়ে ঘরে ফিরতে পারিনা, বাবা বলেছে আজ গেইট খুলবেনা কিংবা আঁধার পাড়ি দিয়ে শহর কুড়াই, আমি ইচ্ছেমতো রাত্রি উড়াই-এমন সব গানের কথা লিখেছেন সুমি নিজেই। একটি গানে তাকে সহযোগিতা করেছেন সাইফুল আকবর খান। অ্যালবামে মোট গান থাকছে ছয়টি।

টিভি, উধাও, নিয়ম বুঝি না, কাঁটাতার, তারুণ্য, কেউ জোনাক জ্বেলে শিরোনামের গানগুলো নিয়ে সাজানো অ্যালবামটি প্রযোজনা করছে রবি ইয়ন্ডার মিউজিক। ঈদের আগেই খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অ্যালবামটি। এমনটাই জানালেন সুমি।

তিনি বলেন, “অ্যালবামের প্রস্তুতি প্রায় একবছর ধরেই নিচ্ছি আমরা। তবে জোর প্রস্তুতি যাকে বলে সেটা গত একমাসে নিয়েছি। রোজার আগে রবি ইয়ন্ডারের মাধ্যমে গানগুলো মুক্তি পাচ্ছে অনলাইনে। ঈদের পর আশা করছি সিডি মুক্তি দিবো। ধীরে ধীরে মিউজিক ভিডিও প্রকাশিত হবে অ্যালবামের গানগুলোর।”

২০১০ সালে নিজের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ নিয়ে আত্মপ্রকাশ করে ব্যান্ডদল চিরকুট। তাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে। নিজেদের গানের পাশাপাশি চলচ্চিত্রে প্লে-ব্যাক করেও প্রশংসা কুড়িয়েছে দলটি। দেশ বিদেশে নিয়মিত স্টেজ পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছে দলটি।

চিরকুট ব্যান্ডের বর্তমান লাইন আপ:

ড্রামস, কিবোর্ড-পাভেল আরিন । গীটার, ইউকেলেলে, ম্যান্ডোলিন, ব্যাঞ্জো-ইমন চৌধুরি

কিবোর্ড, হারমোনিয়াম-জাহিদ নিরব । বেইজ, ব্যাক ভোকালস-দিদার হাসান

সাউন্ড প্রোডিউসার- পাভেল আরিন । লিরিক, টিউন, ভোকালস- শারমীন সুলতানা সুমি