বীরেন ও তার শতবর্ষী মাকে নিয়ে চলচ্চিত্র ‘মাতৃভক্ত’
বহুল আলোচিত দিনমজুর বীরেন মজুমদার ও তার শতবর্ষী মাকে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মাতৃভক্ত’।
পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার পূর্ব চণ্ডিপুর গ্রামের দিনমজুর বীরেন মজুমদারের কথা মনে আছে? শতবর্ষী মাকে মাথার টুকরিতে নিয়ে পায়ে হেঁটে দশমাইল পথ পাড়ি দিয়ে হাসপাতালে যেতেন তিনি। মায়ের সেবার জন্য থেকে পঞ্চাশ বছরের জীবনে থেকে গেছেন অবিবাহিত। বহুল আলোচিত এই মাতৃভক্ত বীরেন মজুমদার ও তার মা উষা রানীর গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘মাতৃভক্ত’। চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা শামছুল ইসলাম স্বপন। গ্লিটজকে তথ্যটি দিয়েছেন নির্মাতা নিজেই।
নির্মাতা বলেন, “আমি দৈনিক ইত্তেফাক পত্রিকায় 'মায়রে মাথায় নিয়া হাঁটতে মোর কোন কষ্ট অয় না' এবং ইত্যাদির প্রতিবেদন দেখে অনুপ্রাণিত হয়ে সিনেমা বানানোর ইচ্ছে প্রকাশ করি। ইত্তেফাক পত্রিকার সাংবাদিক, পিরোজপুর ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদ শিমুলের মাধ্যমে বীরেন্দ্রনাথ দাদার সাথে যোগাযোগ করি। তিনিই প্রথম বীরেন্দ্রনাথকে আবিষ্কার করে পত্রিকায় খবর প্রকাশ করেন। বীরেন্দ্রনাথ দাদা পিরোজপুর থেকে ঢাকায় এসে আমাকে চলচ্চিত্র নির্মাণ করার অনুমতি দেন।”
২০১৫ সালে ১১৩বছর বয়সে মৃত্যুবরণ করেন বীরেনের মা উষা রানী। মাকে মাথায় নিয়ে তাকে আর পাড়ি দিতে হবে না দীর্ঘপথ। কিন্তু তার মাতৃভক্তির সেই দৃষ্টান্ত চলচ্চিত্রে গেঁথে রাখতে তিন বছর ধরে প্রস্তুতি গ্রহণ করছেন নির্মাতা স্বপন।
তিনি জানান, বর্তমানে চলচ্চিত্রের গান রেকর্ডিংয়ের কাজ চলছে। বেশকিছু বাউল ও কীর্তন গান থাকছে চলচ্চিত্রটিতে। চলছে পাত্র-পাত্রী ও লোকেশন বাছাই। আগামী বছর থেকে চিত্রধারণের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এর আগে এ নির্মাতা ‘তুরাগের নৌকা’, ‘দিদি’, ‘রঙ্গিন পোষ্টার’, ‘একটি মধ্যবিত্ত পরিবার’, ‘আমার স্কুল’ এবং সর্বশেষ ‘দণ্ডদান’ নামে বেশকিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। ‘দিদি’ এবং ‘আমার স্কুল’ বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গণমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।
