২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে ফেরদৌসের বিশ বছর

মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন স্টার নাইট-এর অতিথি হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 06:07 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’র সেই ফেরদৌসের কথা মনে আছে? ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় ছবিতেই দর্শকমন হরণ করা সুদর্শন নায়ক ফেরদৌসের চলচ্চিত্র কেরিয়ারের বিশ বছর পূর্ণ হলো। ২০ বছরের অভিনয় জীবনে ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে রয়েছে তার নানা অর্জন ও সম্মাননা। আসছে ঈদে মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়োজন ‘স্টার নাইট’-এ উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে। স্মৃতিচারণ করেছেন বড়পর্দায় দীর্ঘভ্রমণের।

অনুষ্ঠানে ফেরদৌস জানান, তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ২৪ বছর আগে, একটি হাতের মাধ্যমে। দিলীপ সোম পরিচালিত সে ছবির নাম ছিল ‘দোলা’। মৌসুমী-ওমর সানি জুটির ১ম ছবি ‘দোলা’তে চিত্রনায়ক ওমর সানির ডামি শট দিয়েছিলেন ফেরদৌস। কারণ সে সময় তিনি ফ্লায়িং ক্লাবে বিমান চালনা শিখতেন। বিমান চালাবার ডামি শট দিয়েই ফেরদৌস প্রথম চলচ্চিত্রে পা রাখেন।

অন্তর্মুখী ফেরদৌস জানান, তার ১ম সফল ছবি ‘হঠাৎ বৃষ্টি’র শুটিং শেষ হবার আগে তিনি কাউকেই জানাননি ছবিটির কথা। এমনকি ১ম বলিউড ছবি ‘মিট্টি’র শুটিং ৫০ ভাগ শেষ হবার আগে কেউই জানতে পারেননি তিনি বলিউডের হিন্দি ছবি করছেন।

গতকাল ৭ জুন ছিল চিত্রনায়ক ফেরদৌস-এর জন্মদিন। অনুষ্ঠানের রেকর্ডিং শেষ করতে করতেই রাত হয়ে যায়। ১২টা ১ মিনিটে তাই কেক কাটেন ‘স্টার নাইট’ অনুষ্ঠানের সেটেই। অনুষ্ঠান উপস্থাপক মারিয়া নূরের উদ্যোগে সেখানেই জন্মদিনের প্রথম কেক কাটেন এ নায়ক।

রুম্মান রশীদ খান-এর গ্রন্থনায় অজয় পোদ্দারের প্রযোজনায় স্টার নাইট প্রচারিত হবে আসছে ঈদের দিন, রাত ১০টা ৩০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে। 

উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহর অসমাপ্ত চলচ্চিত্র ‘বুকের ভিতর আগুন’-এ অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়ক ফেরদৌসের। যৌথ প্রযোজনায় নির্মিত বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে সুদর্শন এ নায়ক দুই বাংলায় সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেন। দেশিয় চলচ্চিত্রের পাশাপাশি দুই বাংলার চলচ্চিত্রেই অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনায়ও যুক্ত হয়েছেন।