২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমজ ছেলে-মেয়ের বাবা হলেন ক্লুনি

মার্কিন অভিনেতা জর্জ ক্লুনি ও আমাল ক্লুনির জমজ পুত্র-কন্যা আলেকজান্ডার ও এলা মঙ্গলবার জন্ম নিয়েছে ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 09:14 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

মঙ্গলবার সকালে এই খবর গণমাধ্যমকে জনান তাদের মুখপাত্র স্ট্যান রোজেনফিল্ড। এক ইমেইলে তিনি জানান, “আজ সকালে আমাল এবং জর্জ তার জমজ পুত্র-কন্যা আলেকজান্ডার এবং এলাকে স্বাগত জানিয়েছেন। এলা, আলেকজান্ডার এবং তাদের মা আমাল- সবাই সুস্থ, হাসিখুশি এবং নিরাপদে আছে।”

ইমেইলটিতে রোজেনফিল্ড কৌতুকের ছলে আরও লিখেন, “জর্জকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। কয়েকদিনের মধ্যে তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে!”

অস্কারজয়ী অভিনেতা জর্জ ক্লুনি তার দীর্ঘদিনের ‘ব্যাচেলর’ উপাধি ঝেড়ে ফেলে যখন ২০১৪ সালে মানবাধীকারকর্মী ও আইনজীবি আমাল আমালুদ্দিনকে বিয়ে করেন, তখন বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন ঘোষণা করেন, তারা সন্তানের বাবা-মা হতে চলেছেন, তখনও গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে পরিণত হন তারা। কিছুদিন আগেও আমাল ক্লুনির প্রসবকালীন চিকিৎসায় জর্জ কী বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছেন- তা নিয়ে প্রকাশিত প্রতিবেদন সাড়া ফেলেছে সবখানে।

এতকিছুর পরও সবার চোখে ধুলো দিয়ে সন্তান জন্মদানের কাজটি গোপনেই করতে সক্ষম হয়েছেন এই তারকা দম্পতি। তাদের মুখপাত্রও জানাননি কোথায় জন্ম হয়েছে তাদের সন্তানদের। তবে সম্প্রতি যেহেতু ইংল্যান্ডেই ছুটি কাটাতে গিয়েছিলেন তারা, তাই ধারণা করা হচ্ছে সেখানেই কোনো এক বিলাসবহুল হাসপাতালে জন্ম হয়েছে তাদের জমজদের।

রয়টার্স বলছে, ২৭ মে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাজ্যে গিয়ে এই দম্পতির সঙ্গে গোপনে সাক্ষাৎ করে আসেন। গর্ভকালীন সময়টিতে স্ত্রীকে সঙ্গ দিতে আর্মেনিয়ায় একটি দাতব্য সফরও সম্প্রতি বাতিল করেন জর্জ।

এদিকে সন্তান জন্মদানের পর থেকেই হলিউডি তারকাদের অভিনন্দনে ভেসে যাচ্ছেন এই দম্পতি।

টিভি ব্যক্তিত্ব এলেন ডিজেনারেস লিখেছেন, “পৃথিবীতে স্বাগতম, আলেক্সাজান্ডার ও এলা ক্লুনি। অভিনন্দন, জর্জ এবং আমাল। এখন থেকে আমি আপনাদের ‘ওশেন্স ফোর’ বলে ডাকবো।”

অভিনেত্রী মিয়া ফ্যারো লিখেছেন, “এলা এবং আলেকজান্ডার ক্লুনিকে স্বাগতম, তাদের জন্য আশীর্বাদ। অভিনন্দন জর্জ ও আমাল।”