২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কিং অব মেলোডি’ কুমার বিশ্বজিৎ

আসছে ঈদে নতুন অ্যালবাম ‘তিলোত্তমা’ নিয়ে আসছেন কুমার বিশ্বজিৎ। গাইবেন টেলিভিশন অনুষ্ঠানেও।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 08:45 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী কুমার বিশ্বজিৎ আসছে ঈদে তার কালজয়ী গানগুলো নিয়ে হাজির হচ্ছেন এটিএন বাংলার ঈদের বিশেষ আয়োজন ‘রিদম অব কুমার বিশ্বজিৎ’ এ। রুমানা আফরোজের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেশের আরেক জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার। সম্প্রতি এফডিসিতে অনুষ্ঠানটির রেকর্ডিং হয়েছে। অগ্রজ শিল্পীর সঙ্গে তোলা অনুষ্ঠানের ছবি ফেসবুকে শেয়ার করে বাপ্পা মজুমদার ক্যাপশনে তাকে অভিহিত করেছেন ‘কিং অব মেলোডি’ খেতাবে।

অনুষ্ঠানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বললেন, “ঈদে খুব একটা অনুষ্ঠানে অংশ নেইনা আমি। এবার এটিএনের অনুষ্ঠানটিতে অংশ নিলাম। আমার সাতটি শ্রোতাপ্রিয় গান গেয়েছি। এছাড়া ঈদ আনন্দমেলায় অংশ নিয়ে নতুন অ্যালবামের গান নিয়ে।”

কথা আর গান নিয়ে সাজানো এ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন, রাত ১০টা ৪০মিনিটে।

এদিকে, এই প্রথম তিন গানের ইপি অ্যালবাম নিয়ে আসছেন কুমার বিশ্বজিৎ। শুধু তাই নয়, ‘তিলোত্তমা’ শিরোনামের তিন গানের এ অ্যালবাম থেকে একটি গানের মিউজিক ভিডিও ঈদ উপলক্ষ্যে তিনি উপহার দেবেন শ্রোতাদের।

 

বুধবার গ্লিটজের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন এই চিরসবুজ গায়ক। বললেন, “এবারই প্রথম শুধু অনলাইনে আমার তিন গানের এ অ্যালবামটি প্রকাশিত হচ্ছে। আজই সিদ্ধান্ত নিলাম অ্যালবামের পাশাপাশি নতুন একটি মিউজিক ভিডিও উপহার দিবো দর্শকদের।”

বাংলা ঢোলের ব্যানারে প্রকাশিতব্য অ্যালবামটির দুটি গানের কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী ও আহমেদ রিজভী। অন্য গানটি বাউল কালা শাহের একটি পুরনো গানের নতুন সংগীতায়োজন। গানের সুর করেছেন কুমার বিশ্বজিৎ ও কিশোর। অন্যদিকে কালা শাহের ‘আমার মুর্শিদ পরশমনি গো’ গানটির সংগীতায়োজন করেছে কুমার বিশ্বজিৎ এন্ড ফ্রেন্ডস।