ঈদে ন্যানসির নতুন গান
আসন্ন ঈদে বেশকিছু নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি।
ঈদ উপলক্ষ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের নতুন গানের খবর মিলছে ধীরে ধীরে। সাউন্ডটেকের ব্যানারে এই ঈদে আসছে ন্যানসির নতুন অ্যালবাম। আহমেদ রিজভীর কথায় একাধিক সংগীত পরিচালকের সুর ও সংগীতায়োজনে নতুন সব গানে কণ্ঠ দিয়েছেন তিনি। শুধু অ্যালবামই নয়, তার পাশাপাশি বেশকিছু একক গানেও পাওয়া যাবে ন্যানসির কণ্ঠের যাদু।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান মাই সাউন্ডের স্টুডিওতে এমনই একটি একক গানের রেকর্ডিঙে অংশ নিয়েছেন এ শিল্পী। মাই সাউন্ডের ব্যানারে প্রকাশিতব্য গানটির শিরোনাম ‘মৌনতা’। রেজাউর রহমান রিজভীর কথায় এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি।
এ প্রসঙ্গে ন্যানসি বলেন, “গানটিতে একদিকে যেমন বিরহ রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে প্রিয় মানুষের জন্য হাহাকার। গীতিকার রিজভী খুব দারুণ ভাবে গানের কথাগুলোকে সাজিয়েছেন। আর অমিত চ্যাটার্জি সেটিকে সুরারোপ করে প্রাণ দিয়েছেন। আমার বিশ্বাস আমার ভক্ত- শ্রোতারা গানটি খুবই পছন্দ করবেন।”
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে মাই সাউন্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ন্যানসির এই গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হবে। পরবর্তীতে গানটি নিয়ে একটি পূর্ণাঙ্গ মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করা হবে ।
এছাড়াও ‘ভালোবেসে’ শিরোনামের নতুন একটি মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। অ্যালবামটিতে তার গান থাকছে দুটি। গানগুলো লিখেছেন সবুজ, সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি।
ন্যানসিকে ঈদে বিভিন্ন চ্যানেলে লাইভ সংগীতানুষ্ঠানে গাইতে দেখা যাবে। এর মধ্যে ঈদের দ্বিতীয় দিন একুশে টিভিতে রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত একটানা লাইভ সংগীত পরিবেশন করবেন তিনি।
ন্যানসির সর্বশেষ একক অ্যালবাম প্রকাশিত হয় চলতি বছর পহেলা বৈশাখে। জাহিদ আকবরের কথায় ইমন চৌধুরীর সুরে ‘শুনতে চাই তোমায়’ অ্যলবামটি শ্রোতামহলে সাড়া ফেলেছে।
