১৫ রকম বিরিয়ানি একবারে খেতেন প্রভাস
‘বাহুবলী টু’য়ের শুটিং সেটে একবার বসেই মাঝে মাঝে ১৫ রকম বিরিয়ানি খেয়ে ফেলতেন অভিনেতা প্রভাস- সম্প্রতি এমন তথ্যই ফাঁস করেছেন নির্মাতা এস এস রাজামৌলি।
‘বাহুবলী’র দুই পর্বে দুই প্রধান অভিনেতা প্রভাস আর রানা দগ্গুবতীর পেশীবহুল পেটানো শরীর দেখে মুগ্ধ হয়েছেন অনেক দর্শকই। তবে অনেকেই জানেন না এর জন্য বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে এই দুই তারকাকে। রাজামৌলি জানিয়েছেন, এমনিতে পেশীবহুল শরীর তৈরিতে নানা রকম কসরৎ ও অনুশীলনে ব্যস্ত থাকলেও কখনও কখনও শুটিঙের ব্যস্ততা শেষে একবার বসেই ১৫ রকম বিরিয়ানি দিয়ে পেটপূজা করতেন প্রভাস!
যুক্তরাজ্যের ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটে নিজের সিনেমা প্রদর্শনীর দিন রাজামৌলি বলেন, “তারা যে ধরণের খাদ্যাভাস অনুসরণ করতো, তাতে আমি বাধা দিতাম না। প্রভাসের ব্যাপারে একটা মজার তথ্য দেই আপনাদের; মাসে একবার সে ইচ্ছেমত খেত, কারণ অন্যসময় তাদেরকে কঠিন নিয়মকানুন পালন করতে হতো। ওই একদিন, দেখবার মতো দৃশ্য তৈরি হত। একবারেই সে ১০ থেকে ১৫ রকম বিরিয়ানি খেয়ে ফেলতো!”
তিনি আরও বলেন, “একটুও বাড়িয়ে বলছি না। আপনারা জানেনও না, এমনসব পদের বিরিয়ানি খেত সে। মাছ, মুরগী, খাসি- কিছুই বাদ যেত না। এমনকী ‘ভাজা বিরিয়ানি’ও খেত সে!”
এরকম একদিনের গল্প শোনাতে গিয়ে রাজামৌলি বলেন, “একদিন রাত ২ টা পর্যন্ত ফুটবল খেলে আসার পরে প্রভাস খাওয়ার থালা নিয়ে বসল। প্রথমেই জিজ্ঞাসা করল, চাটনি কোথায়? রাত দুটোর সময় চাটনি নিয়ে আসা হল, তার পরে খাওয়া শুরু হল। চাটনির পরেই একে একে বাকি প্লেট সাবাড় করল প্রভাস।”
‘বাহুবলী’-র শ্যুটিং-এর সময় প্রভাসের ওজন ১০০ কেজির উপরে ছিল। এখন অবশ্য সেই ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি। পরের ছবি ‘সাহু’-র শ্যুটিং-এর জন্য তৈরি হচ্ছেন। এটিও তেলুগু, তামিল ও হিন্দিতে বানানো হবে।
