২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহনলালের ‘মহাভারত’কে ভারতের গর্ব বললেন মোদী

হাজার কোটি রুপি বাজেটের নির্মিতব্য ‘মহাভারত’ সিনেমাটিকে ‘ভারতের গর্ব’ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মালয়ালাম অভিনেতা মোহনলাল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 10:10 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

এম টি বাসুদেবন নায়ারের পুরস্কারপ্রাপ্ত উপন্যাস ‘রান্ডামুজাম’ অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি, যেখানে মহাভারতের কাহিনি দেখানো হয়েছে ভীমের দৃষ্টিকোণ থেকে। ভীমের চরিত্রে অভিনয় করবেন মোহনলাল। এটি পরিচালনা করবেন শ্রীকুমার মেনন।

সম্প্রতি সিনেমাটির নাম নিয়ে আপত্তি তুলেছিল কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। তারা দাবি করেছিল, নাম পাল্টানো না হলে সিনেমাটির মুক্তি বন্ধে লড়াই করবে তারা। এমনকী প্রয়াত তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র শশীকলা নটরাজনও ঘোষণা দেন, ‘মহাভারত’ নামে কোনো সিনেমা তৈরি হলে সেটি ভারতের হিন্দু জনগণ মেনে নেবে না। হুমকির মুখে রোববার সিনেমার প্রযোজক বি আর শেঠি ঘোষণা দেন সিনেমার নাম পাল্টে ফেলার।

কিন্তু প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যে এখন পাল্টে গেছে দৃশ্যপট।

শেঠিকে লেখা এক চিঠিতে ‘মহাভারত’কে ‘ভারতের গর্ব’ হিসেবে অভিহিত করেছেন তিনি। এছাড়াও সিনেমাটির মুক্তিতে সরকারের তরফ থেকে সবরকমের সহায়তারও আশ্বাস দেন তিনি,  জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

‘মহাভারত’ নির্মাতারা মোদীর এই আশ্বাসে যারপর নাই উচ্ছ্বসিত। ৭ জুলাই সিনেমাটির নির্মাতা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ধন্যবাদ জ্ঞাপন করবেন।

মোহনলাল ছাড়াও এই সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ভারত ও আন্তর্জাতিক অঙ্গনের বড় বড় তারকারা- শোনা যাচ্ছে এমনটাই। ২০১৮ সালে আবু ধাবিতে শুরু হবে সিনেমার শুটিং।