২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নবাব’ ও ‘বস ২’ সিনেমা প্রসঙ্গে সেন্সর প্রিভিউ কমিটিতে চিঠি

বিগত কয়েক বছর ধরেই যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাগুলো মুক্তির পরে যৌথ প্রযোজনার ক্ষেত্রে সঠিকভাবে নিয়মনীতি অনুসরণ করা ও না করার নিয়ে তৈরি হচ্ছে নানান সমালোচনা ও তর্ক-বিতর্ক। এই বছরও সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 08:56 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

ঈদুল ফিতরে মুক্তি সম্ভাব্য সিনেমার তালিকায় রয়েছে যৌথ প্রযোজনায় নির্মিত ‌‘নবাব’ ও ‘বস ২’ সিনেমাদুটো। তাই আবারও সিনেপাড়া ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে পুরনো শঙ্কা নতুন করে দেখা দিয়েছে।  ঈদে মুক্তি সম্ভাব্য সিনেমাগুলোর ক্ষেত্রে যৌথ প্রযোজনার নিয়মনীতি সঠিকভাবে অনুসরণ তদন্তে সোমবার সেন্সর প্রিভিউ কমিটিকে এক লিখিত চিঠি পাঠিয়েছে চলচ্চিত্রের সবগুলো সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট বা চলচ্চিত্র পরিবার।  যেখানে রয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪টি সংগঠন।

এ প্রসঙ্গে গ্লিটজকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন,“আজ সেন্সর প্রিভিউ কমিটিকে চলচ্চিত্র ঐক্যজোট বা চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে একটা লিখিত চিঠি দেওয়া হয়েছে। যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাগুলোর ক্ষেত্রে যৌথ প্রযোজনার যেসব নীতিমালা অনুসরণ করতে হয় সেই বিষয়গুলো তদারকি করেই যেন এই সিনেমাগুলোর নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দেওয়া হয়। সেই বিষয়টিই চিঠিতে বলা হয়েছে।”

অন্যদিকে এ প্রসঙ্গে গ্লিটজকে সেন্সর প্রিভিউ কমিটির সদস্য নাসিরউদ্দীন দিলু বলেন, “চলচ্চিত্র ঐক্য জোট থেকে আজ (সোমবার)আমাদের প্রিভিউ কমিটিতে একটা চিঠি এসেছে। মূলত যৌথ প্রযোজনার ক্ষেত্রে যে সিনেমাগুলো নির্মাণ করা হচ্ছে সেগুলো যেন নীতিমালা মেনেই নির্মাণ করা হয়। সেই বিষয়টিই চিঠিতে বলা হয়েছে। আর আগামীকাল (মঙ্গলবার) আমাদের প্রিভিউ কমিটিতে ‘বস ২’ সিনেমাটি প্রদর্শিত হবে। তবে এখনো ‘নবাব’ সিনেমাটি জমা পড়েনি।”

‘নবাব’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন বাংলাদেশের শাকিব খান ও কলকাতার শুভশ্রী। ‘নবাব’ সিনেমায় শাকিব-শুভশ্রী জুটির পাশাপাশি আরো অভিনয় করেছেন অমিত হাসান, মেঘলা, রজতাভ দত্ত, সব্যসাচী, খরাজ মুখার্জি, কমল প্রমুখ।

‘নবাব’ যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। সিনেমার গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার জয়দেব মুখার্জি ও বাংলাদেশের আবদুল আজিজ।

অন্যদিকে ‘বস ২’ সিনেমায় কলকাতার জিতের বিপরীতে অভিনয় করছেন টালিসুন্দরী শুভশ্রী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া। সিনেমায় জিৎ, শুভশ্রী গাঙ্গুলী ও নুসরাত ফারিয়া ছাড়াও সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও আরো অভিনয় করছেন অমিত হাসান, কৌশিক সেন, সীমান্তসহ অনেকে।

‘বস টু’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার জিতস ফিল্মওয়ার্কস। সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা বাবা যাদব।