২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স-অফিসে উড়ছে ‘ওয়ান্ডার ওম্যান’

মুক্তির তিন দিন থেকেই বিশ্বব্যাপী ২২ কোটি ৩০ লাখ ডলার আয় করে বক্স-অফিসের শীর্ষস্থান দখল করেছে ‘ওয়ান্ডার ওম্যান’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 08:05 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

ইজরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট অভিনীত ‘ওয়ান্ডার ওম্যান’ যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে চার হাজারেরও বেশি হলে। রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে সিনেমাটির মোট আয় দশ কোটি ডলারের বেশি। আর বহির্বিশ্বে এখনও পর্যন্ত সিনেমাটি আয় করেছে ১২ কোটি ২৫ লাখ ডলার।

আয়ের দিক থেকে ডিসি কমিক্স-এর সিনেমাগুলির মধ্যে এরইমধ্যে ‘ওয়ান্ডার ওম্যান’ চলে এসেছে তিন নম্বরে। ২০১৬ তে মুক্তি পাওয়া ‘সুইসাইড স্কোয়াড’কে এরইমধ্যে পেছনে ফেলেছে এটি।

সিনেমাটির প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সের প্রধান পরিবেশক জেফ গোল্ডস্টাইন বলেন, “বিশ্বজুড়ে ভক্তরা সাদরে গ্রহণ করেছে ‘ওয়ান্ডার ওম্যান’কে। আমাজনের রাজকুমারী ডায়ানার ওয়ান্ডার ওম্যান হয়ে ওঠার গল্পের মধ্যে দর্শকেরা এমন কিছু খুঁজে পেয়েছেন, যা তাদেরকে মুগ্ধ করেছে।”

‘ওয়ান্ডার ওম্যান’-এর নির্মাতাও একজন নারী, প্যাটি জেনকিন্স। এই সিনেমার মাধ্যমে জেনকিন্স অর্জন করলেন নারী নির্মাতাদের তৈরি সিনমার মধ্যে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড। এর আগে এই রেকর্ড দখলে ছিল ‘ফিফটি শেডস অফ গ্রে’র নির্মাতা স্যাম টেইলর-জনসনের।

গত কয়েক বছরে ‘ম্যান অফ স্টিল’, ‘ব্যাটম্যান ভি সুপারম্যান : ডন অফ জাস্টিস’-এর মতো সিনেমা দিয়ে বক্স-অফিসে জমিয়ে ব্যবসা করছে ডিসি কমিক্স। তবে এবারই প্রথম ‘ওয়ান্ডার ওম্যান’-এর মাধ্যমে দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেল তারা। রটেন টমেটোজে সিনেমাটি পেয়েছে ৯৩% ফ্রেশ রেটিং।