২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েব সিরিজ ‘আমি ক্রিকেটার হতে চাই’

আসন্ন ঈদ উপলক্ষ্যে প্রকাশিত হতে যাচ্ছে ওয়েবসিরিজ  ‘আমি ক্রিকেটার হতে চাই’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 07:05 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

ঈদের ৭ দিন সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হতে যাচ্ছে সাত পর্বের ওয়েব সিরিজ ‘আমি ক্রিকেটার হতে চাই’।  মাবরুর রশীদ বান্নাহর চিত্রনাট্যে ও পরিচালনায় এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো এবং ঈশিকা খান। ওয়েব সিরিজটিতে বিশেষ চমক হিসেবে থাকছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি।

ভারতসহ পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশে অনলাইনভিত্তিক নাটকের চাহিদা ক্রমশ বাড়ছে। শুধু অনলাইনের জন্য নির্মিত এসব ধারাবাহিক নাটকের নাম ‘ওয়েব সিরিজ’। বাংলাদেশের দর্শকদের কাছে এই ধারাটি এখনও তেমন পরিচিত নয়। তবে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হওয়া পুরনো নাটক আর মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশের পর দর্শকদের যে সাড়া পাওয়া যাচ্ছে- তাতে ‘ওয়েব সিরিজ’ নির্মাণ নিয়ে ভাবছেন অনেকেই। মূলত এমন ভাবনার বাস্তবায়ন ঘটাতে চাইছে সিএমভি-এমনটাই বললেন সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী।

ঈদুল ফিতরের দিন ঠিক সন্ধ্যা সাতটায়  ‘আমি ক্রিকেটার হতে চাই’ প্রথম পর্ব প্রকাশ হবে। এরপর টানা ছয়দিন একই সময়ে অন্য পর্বগুলো পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে। মোশন রক এর কারিগরি সহায়তায় সিএমভি’র ব্যানারে নির্মিত এই ওয়েব সিরিজটি সিএমভির ইউটিউব চ্যানেল ছাড়াও একই সময়ে অনলাইনে অবমুক্ত হচ্ছে বাংলা ফ্লিক্স অ্যাপ-এ।

ওয়েব সিরিজটি প্রসঙ্গে নির্মাতা বান্নাহ এ প্রসঙ্গে বলেন,  “ক্রিকেট নিয়ে দেশের প্রথম ওয়েব সিরিজ। সে হিসেবে অনেক চাপ নিয়ে কাজটি করেছি। চেষ্টা করেছি বিশেষ কিছু করতে। সবসময় মাথায় রেখেছি অনলাইন দর্শকদের আগ্রহের উপর জোর দিতে। আশা করছি কাজটি দেখে মজা পাবেন। পুরো গল্পটি ক্রিকেট কেন্দ্রিক। তবে এরমধ্যে প্রেম, মজা, বিরহ এবং মেসেজ- সবই থাকছে।”

ঈশিকা খান জানান, নাটকে এক ক্রিকেট-পাগল মেয়েকে মুগ্ধ করতে এক ছেলের ক্রিকেটার হওয়ার গল্প দেখা যাবে। ক্রিকেট খেলা শিখতে গিয়ে নানা ধরনের উদ্ভট সব কাণ্ড ঘটবে এই ওয়েব সিরিজে। 

ক্রিকেটার হিসেবে পরিচিত হলেও মাঝে মাঝে অভিনয়েও দেখা মেলে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপিকে। এবার হাজির হচ্ছেন ওয়েব সিরিজে। তিনি বললেন,  “কাজটি করে বেশ মজা পেয়েছি। আমি আগেও বিভিন্ন টিভি নাটকে অভিনয় করেছি, তবে এটি শুধু অনলাইনে প্রচার হবে জেনে- রোমাঞ্চিত হয়েছি। এতে আমাকে দেখানো হবে বর্তমান সময়ের একজন ক্রিকেটার হিসেবে। কাজটি ভালো হয়েছে।”