২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋষি কাপুরের নামে থানায় অভিযোগ

নতুন বাড়ি তৈরির সময় মিউনিসিপ্যাল কর্পোরেশনের অনুমতি ছাড়া কাপুর পরিবারের জমিতে লাগানো একটি গাছ কাটার ঘটনায় ঋষি কাপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মুম্বাই পুলিশ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 10:01 PM

Updated : 11 Apr 2022, 11:41 PM

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবন ‘পালি হিল’ ভেঙে নতুন বাড়ি তৈরির কাজ শেষ করেছেন ঋষি কাপুর। নতুন বাড়ি তৈরির সময় মিউনিসিপ্যাল কর্পোরেশনের অনুমতি ছাড়া কাপুর পরিবারের জমিতে লাগানো একটি গাছ কাটা হয়েছে। এ ঘটনায় ঋষি কাপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মুম্বাই পুলিশ।

মহারাষ্ট্র বৃক্ষ রক্ষণাবেক্ষণ অ্যাক্ট’য়ের আওতায় এ অভিযোগপত্রটি দায়ের করেছে মুম্বাই পুলিশ। এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাতকারে কাপুর পরিবারের ব্যবস্থাপক বলেন, “এটা তেমন গুরুতর কোনো বিষয় নয়। গাছ কাটার ব্যাপারে আমাদের আগে থেকেই অনুমতি নেওয়া ছিলো। তবে অনুমতিপত্রে যতটুকু অংশ কাটার কথা বলা হয়েছে ভুল করে তার চেয়ে একটু বেশি কেটে ফেলা হয়েছে।”

তিনি আরও বলেন, “এটা বাড়ি নির্মাণকারী সংস্থার ভুল, আমাদের কোনো হাত ছিলো না এতে। তবে গাছটির যেন আর কোনো ক্ষতি না হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখছি।”ঋষি কাপুরই প্রথম নন, এর আগেও অনেকের বিরুদ্ধে এ আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। এ নিয়ে এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে  বেশ কিছু সংস্থা।

বান্দ্রার অভিজাত এলাকার এ বাড়িতেই থাকতেন ঋষি কাপুরের ছেলে বলিউড তারকা রণবীর কাপুর। বেশ কিছুদিন ধরে বাড়ি ছেড়ে আলাদা থাকছেন ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ তারকা।