আমি প্রিয়াঙ্কা নই, ভারতের প্রধানমন্ত্রীও নই : অমিতাভ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র সঙ্গে বার্লিনে দেখা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সে সময় সাদা রঙের একটি খাটো পোশাকে দেখা গেছে তাকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়তে হয়েছে সাবেক বিশ্বসুন্দরীকে। অনেকেই বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় পোশাকের বিষয়ে আরও সচেতন হওয়া উচিত ছিলো তার। এ প্রসঙ্গে কি বলছেন বিগ বি?
২৫ মে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার প্রথম হলিউড সিনেমা ‘বেওয়াচ’। ছবির প্রচারণার কাজে জার্মানিতে যান প্রিয়াঙ্কা। একই সময় রাজনৈতিক সফরে জার্মানিতেই অবস্থান করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের মধ্যেই প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার জন্য সময় বের করেন মোদি।
কিন্তু সমস্যা বাধে অন্যখানে! প্রিয়াঙ্কার টুইটারে প্রকাশিত মোদির সঙ্গে তোলা ছবিতে, হাঁটু দেখানো খাটো পোশাকে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। আর এ বিষয়টি নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী আমরুতা ফড়নবীশের সঙ্গে একটি গানের ভিডিওতে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। আমরুতার প্রথম একক সংগীতের মিউজিক ভিডিওটির প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিগ বি। এ সময় প্রিয়াঙ্কাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা প্রসঙ্গে জানতে চাওয়া হয় তার কাছে। ইন্ডিয়ান এক্সপ্রেস’কে এ প্রসঙ্গে অভিতাভ বচ্চন বলেন, “আমি প্রিয়াঙ্কা নই, ভারতের প্রধানমন্ত্রীও নই। আমি কিভাবে এ প্রশ্নের জবাব দেবো?”
এ মুহূর্তে ‘বেওয়াচ’য়ের প্রচারণায় বিশ্বের বিভিন্ন শহরে ঘুরছেন প্রিয়াঙ্কা। তার সঙ্গে রয়েছেন ডোয়াইন জনসন ওরফে দ্য রক, জ্যাক এফরন সহ অন্যান্য ‘বেওয়াচ’ তারকারা। ২ জুন ভারতে মুক্তি পাচ্ছে ছবিটি।
