২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউবে জমে উঠেছে শাকিব ও শুভশ্রীর রোমান্স

ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘নবাব’। সিনেমা মুক্তির আগেই সিনেমার প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি ইউটিউবে ‘নবাব’য়ের ট্রেইলার প্রকাশ করে প্রযোজনা সংস্থাদ্বয়। এবার সেই প্রচারণার অংশ হিসেবেই ইউটিউবে প্রকাশিত হলো সিনেমার ‘দেবা তোকে দেবো ষোল আনা’ গানটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 06:11 PM

Updated : 19 Aug 2022, 04:45 PM

‘নবাব’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন বাংলাদেশের শাকিব খান ও কলকাতার শুভশ্রী। ইউটিউবে শাকিব ও শুভশ্রী জুটির রোমান্টিক ধাঁচের ‘দেবা তোকে দেবো ষোল আনা’ গানটি প্রকাশের পরে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই বেশ সাড়া ফেলেছে। গানটিতে শাকিব-শুভশ্রীকে দেখা গেছে বেশ জমকালো সাজ পোশাকে। ৩মিনিট ৪৪ সেকেন্ডের গানটি ছিলো নাচ ও গানের ধামাকায় ভরপুর।

বৃহস্পতিবার সকালে সিনেমাটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘দেবা তোকে দেবো ষোল আনা’ গানটি প্রকাশ করে। যদিও বুধবার শাকিব ও শুভশ্রীর রোমান্সে ভরপুর গানটি নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে সিনেমাটির ভারতের প্রযোজনা প্রতিষ্ঠানটি। গান প্রকাশের পরে এসকে মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১ লাখ ২শত ৫৮ বার এবং জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১ লাখ ২১ হাজার ৩৯০ বার দেখা হয়েছে।

স্যাভির সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাদাব হাশমি ও আকৃতি কক্কর। আর গানের কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ।

‘নবাব’ সিনেমায় শাকিব-শুভশ্রী জুটির পাশাপাশি অভিনয় করেছেন অমিত হাসান, মেঘলা, রজতাভ দত্ত, সব্যসাচী, খরাজ মুখার্জি, কমল প্রমুখ।

সিনেমার গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। ২০১৬ সালে বছরের শেষের দিকে শুরু হয় সিনেমার দৃশ্যধারণের কাজ। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লোকেশনে সম্পন্ন করা হয়েছে সিনেমার দৃশ্যধারণের কাজ।

‘নবাব’ যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার জয়দেব মুখার্জি ও বাংলাদেশের আবদুল আজিজ। ‘নবাব’ সিনেমাটি ঈদুল ফিতরে বাংলাদেশে ও জুলাই মাসে ভারতে মুক্তি পাচ্ছে।