প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা
সময়টা ভালো যাচ্ছে না সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার। বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে তার হলিউড অভিষেক ছবি ‘বেওয়াচ’। তবে মুষড়ে পড়েননি ‘কোয়োন্টিকো’ তারকা। সম্প্রতি তাকে দেখা গেলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে!
এ মুহূর্তে রাজনৈতিক সফরের অংশ হিসেবে জার্মানিতে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের মধ্যেই প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার জন্য সময় বের করেন তিনি। সম্প্রতি টুইটারে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “এই মুহূর্তে আমরা দু’জনই বার্লিনে। প্রধানমন্ত্রীর সঙ্গে একই সময়ে এখানে থাকার মতো এমন ‘দারুণ কাকতালীয়’ ঘটনা আর কিছু হতে পারে না! নরেন্দ্র মোদি স্যারকে অনেক ধন্যবাদ তার ব্যস্ত সফরসূচির মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য।”
এনডিটিভি বলছে, নতুন ছবি ‘বেওয়াচ’য়ের কাজেই জার্মানিতে অবস্থান করছিলেন প্রিয়াঙ্কা। প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিক কি নিয়ে আলোচনা করেছেন প্রিয়াঙ্কা তা নিশ্চিত হওয়া না গেলেও তার নতুন ছবি ‘বেওয়াচ’ প্রসঙ্গেই হয়ত এ সাক্ষাত- এমনটাই মনে করছেন সবাই। ‘বেওয়াচ’য়ের বিশ্ব প্রচারণার অংশ হিসেবে শিগগিরি লন্ডনে যাবেন প্রিয়াঙ্কা।
২ জুন ভারতে মুক্তি পেতে চলেছে ‘বেওয়াচ’। এ ছবিতে প্রধান চরিত্রে দেখা গেছে ডোয়াইন জনসন ওরফে দ্য রক, জ্যাক এফরন ও প্রিয়াঙ্কা চোপড়াকে। নিজ দেশে কেমন ব্যবসা করে প্রিয়াঙ্কার প্রথম হলিউড সিনেমা- সেটিই এখন দেখার বিষয়।
