আসছে ইলিয়াস-লুইপার ‘ভালোবাসতে চাই’
তরুণ দুই সংগীতশিল্পী লুইপা ও ইলিয়াস একসঙ্গে গেয়েছেন ‘ভালোবাসতে চাই’ নামে নতুন একটি গান। প্রদীপ সাহার কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অমিত।
চ্যানেল আই ‘সেরাকণ্ঠ’জয়ী লুইপা এখন নিয়মিত গাইছেন। ২০১৬তে মুক্তি পেয়েছে তার অ্যালবাম ‘ছায়াবাজী’। এছাড়া প্লে ব্যাকেও কন্ঠ দিচ্ছেন তিনি। অন্যদিকে সংগীতশিল্পী ইলিয়াস নতুন নতুন গানে ইউটিউব মাতাচ্ছেন সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বেশকটি গানে। সম্প্রতি মাই সাউন্ড-এর ব্যানারে একগানে কণ্ঠ দিলেন এ দুই সংগীতশিল্পী।
শুধু গানই নয়, নির্মিত হয়েছে ‘ভালোবাসতে চাই’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন সামিয়া অথৈ ও জিসান রাজ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সামছুল হুদা। চিত্রগ্রহণ করেছে মাহমুদুল হক সাইদ ও কোরিওগ্রাফিতে ছিলেন সাকিল।
গানটির চিত্রায়ন প্রসঙ্গে সম্পর্কে সামছুল বলেন, “আমি সবসময় চেষ্টা করি বেছে বেছে কাজ করার। অসম্ভব সুন্দর একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছি। চেষ্টা করেছি ভালো কিছু করার। ভিডিওটিতে নতুনত্বের ছোঁয়া রয়েছে। ভিডিওটি নিয়েও আমি আশাবাদী।”
এবার মুক্তির পালা। নির্মাতা জানান, খুব শীঘ্রই মাই সাউন্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘ভালোবাসতে চাই’ মিউজিক ভিডিওটি। পাশাপাশি দেখা যাবে অন্যান্য প্লাটফর্মেও।
