২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অকালে চলে গেলেন তরুণ নির্মাতা রাসেল আহমেদ

মুক্তিপ্রতিক্ষীত চলচ্চিত্র ‘নৃ’-এর নির্মাতা রাসেল আহমেদ আর নেই। সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 02:11 PM

Updated : 19 Aug 2022, 04:38 PM

‘মা, মাটি ও মানুষের গল্প নিয়ে রচিত ‘নৃ’ চলচ্চিত্রের কারিগর নির্মাতা রাসেল আহমেদ আর নেই। বহুল আলোচিত চলচ্চিত্রটি যখন সম্পাদনার টেবিলে মুক্তির অপেক্ষায় শেষ মুহুর্তের প্রস্তুতি নিচ্ছে তখনই দম হারালেন নির্মাতা রাসেল আহমেদ।

‘নৃ’ চলচ্চিত্রের চিত্রগ্রাহক শরীফ খিয়াম আহমেদ ঈয়ন গ্লিটজকে জানান, “সোমবার ছিল রাসেল ভাইয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকী। আর সেই দিনেই তিনি চলে গেলেন। গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাসেলকে রাজধানীর উত্তর বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দ্রুত পাঠান। সেখানকার চিকিৎসকরা জানান, রাসেল আর নেই।”

ঈয়ন আরও জানান, রাসেলের মরদেহ সোমবার দিবাগত রাতেই নিয়ে যাওয়া হয়েছে তার জন্মস্থান বাড়ি বরিশালে। সেখানেই মঙ্গলবার (১৬ মে) দুটো জানাজা শেষে দুপুর ২ টায় বরিশাল মুসলিম গোরস্থান কবরস্থানে সমাহিত করা হয়েছে।

রাসেল আহমেদ বেশ কিছু খণ্ড নাটকও নির্মাণ করেছিলেন। দেশটিভিতে প্রচার হওয়া ‘ফ্লাইওভার’ এর মাধ্যমে নজর কেড়েছিলেন সমালোচক মহেলে। এরপর ‘কনফেশন’সহ আরও কিছু নাটক তৈরি করেছেন তিনি।

স্ত্রী ইথেল আহমেদকে নিয়ে ঢাকার উত্তর বাড্ডায় ছিলো তার নিবাস। সর্বশেষ চলচ্চিত্র ‘নৃ’র চূড়ান্ত সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন নির্মাতা।