বলিউডের মায়েরা
বলিউডের প্রচলিত প্রথা অনুযায়ী এক সময়ের জনপ্রিয় অভিনেত্রীরাই পরবর্তীতে এসে মায়ের ভূমিকায় অভিনয় করতেন। পরবর্তীতে সে ধারায় আসে পরিবর্তন। গৎবাঁধা মায়ের চরিত্র ভেঙে আধুনিক ও বন্ধুবৎসল মা চরিত্রের আবির্ভাব ঘটে ভারতীয় ছবিতে। এরপর অনেক অল্পবয়েসি অভিনেত্রীকেও দেখা যায় মা চরিত্রে অভিনয় করতে।
কালে কালে বলিউডে মায়েদের বিবর্তনের গল্প নিয়েই নিয়ে এবারে এ বিশেষ প্রতিবেদন।
ষাট ও সত্তরের দশকের বেশ কিছু জনপ্রিয় ছবি- ‘মুঘল-ই-আজম, ‘অনুপমা’, ‘জুখ গ্যায়া আসমান’, ‘ববি’, ‘নিমক হারাম’ সহ বেশ কিছু সিনেমায় আদর্শ মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী দুর্গা খোতে। আরেক নামকরা অভিনেত্রী নিরূপা রায়কেও পরবর্তীতে মা হিসেবে বেশ জনপ্রিয়তা পেতে দেখা গেছে ভারতীয় ছবিতে। ‘গরম কোট’ (১৯৫৫), ‘রানী রূপমতী’ (১৯৫৭), ‘দিওয়ার’ (১৯৭৫), ‘অমর আকবর অ্যান্টনি’ সহ বিভিন্ন ছবিতে আদর্শ মায়ের ভূমিকায় দেখা গেছে তাদের।
ষাট ও সত্তর দশকের মা চরিত্রগুলো ছিলো গতানুগতিক। শান্ত, নম্র ও সবংসহা মা রূপেই রুপালি পর্দায় দেখা গেছে তাদের। এ ক্ষেত্রে রূপালি পর্দার এক সময়ের জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রীদের দিয়ে মায়ের চরিত্র করানো হলেও গল্পের দিক দিয়ে মা চরিত্রগুলো ছিলো অনেকটাই একঘেয়ে ও গড়পড়তা।
আশি ও নব্বইয়ের দশকে এসে ভারতীয় ছবিতে মা চরিত্রগুলোর গুরুত্ব বৃদ্ধি পেতে দেখা যায়। এ সময়ের শক্তিশালী মা চরিত্রগুলোকে গল্পের বেশ গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এ সময়ের মা চরিত্রগুলো আগের চেয়ে সাহসি, কর্মতৎপর ও প্রতিবাদী ভূমিকায় দেখতে পাই আমরা।
এ সময়ের জনপ্রিয় মা চরিত্র হলেন ফরিদা জালাল, রাখী ও রিমা লাগো। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (১৯৯৫), ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছকুচ হোতা হ্যায়’ (১৯৯৮) সহ অসংখ্য ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন ফরিদা জালাল। সদা হাস্যময়ী, বন্ধুবৎসল ও আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য আজও জনপ্রিয় তিনি।
ভারতীয় ছবির আরেক জনপ্রিয় মা হলেন রীমা লাগো। প্রথমবারের মতো সুন্দরী ও গ্ল্যামারাস মায়ের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন এ অভিনেত্রী। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ (১৯৮৯), ‘সোলা অর শবনম’, ‘ইয়েস বস’, ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে ফ্যাশন সচেতন ও আকর্ষণীয় মায়ের বেশে রীমার পর্দা উপস্থিতি কম যায়নি কোনো নায়িকার চেয়েও!
গতানুগতিক কিংবা আধুনিক মায়ের চরিত্রের বাইরেও কিছু ব্যতিক্রমী মা চরিত্রের দেখা মিলেছে ভারতীয় ছবিতে। যে চরিত্রগুলো কেবল প্রধান অভিনেতা-অভিনেত্রীর ছায়া চরিত্র হিসেবে নয় বরং আলাদাভাবেই বিশেষ গুরুত্ব রেখেছে সিনেমায়।
‘মাদার ইন্ডিয়া’ (১৯৫৭) ছবিতে মায়ের ভূমিকায় নার্গিস দত্তের অনবদ্য অভিনয় আজও মনে রেখেছে দর্শক। এ ছবিতে মাত্র ২৮ বছর বয়েসে সুনীল দত্ত ও রাজেন্দ্র কুমারের মায়ের ভূমিকায় দেখা গেছে তাকে। এ ছবিতে গ্রামের এক দরিদ্র মায়ের দুই সন্তানকে নিয়ে সংগ্রামের চরিত্রে নার্গিসের অভিনয় প্রশংসিত হয়েছিলো। এ ছবির শেষদৃশ্যে নিজের ছেলেকে গুলি করত দেখা যায় নার্গিসকে- এ দৃশ্যটিকে ভারতীয় ছবির অন্যতম সেরা দৃশ্য হিসেবে অভিহিত করা হয়।
‘আরাধনা’ (১৯৬৯) ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়ে নেন শর্মিলা ঠাকুর। এ ছরি প্রথম অংশে রাজেস খান্নার প্রেমিকা হিসেবে তাকে দেখা গেলেও শেষের অংশে সামাজিকভাবে অস্বীকৃত সন্তানের মায়ের ভূমিকায় শর্মিলার অভিনয় প্রশংসিত হয়।
‘মাসুম’ (১৯৮৩) ছবিতে এক প্রতিহিংসা পরায়ণ সৎ মায়ের চরিত্রে শাবানা আজমির অভিনয় বেশ প্রশংসিত ও সমাদৃত হয়। ১৯৮৮ সালের ছবি ‘খুন ভারি মাঙ’য়ে রেখাকে দেখা গেছে এক সদ্য বিধবা নারীর ভূমিকায়। অল্পবয়েসি দুই সন্তানকে মানুষ করতে গিয়ে যে জড়িয়ে নানা ঝামেরায়। এ ছবিতে রেখার দৃঢ় ও সাহসি অভিনয় আজও মনে রেখেছে দর্শক।
‘আস্তিত্ব’ (২০০০) ছবিতে এক নিঃসঙ্গ ও ব্যতিক্রমী মায়ের চরিত্রে দেখা গেছে টাবুকে যে কিনা বিয়ের বছর খানেক পর তার স্বামীর কাছে স্বীকার করে যে তার গর্ভের সন্তানের বাবা অন্য পুরুষ। এছাড়া ২০১২ সালের ছবি ‘কাহানি’তে একজন গর্ভবতী মায়ের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন বিদ্যা বালন!
