২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঠগস অব হিন্দুস্তান’য়ে আমিরের নায়িকা ক্যাটরিনা

আবারও আমিরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ক্যাটরিনা কাইফ। ফিলিপ মেইডো টেইলরের জনপ্রিয় উপন্যাস ‘কনফেশন অফ অ্যা ঠগ’ অবলম্বনে নির্মিতব্য ‘ঠগস অব হিন্দুস্তান’- এর পর্দায় দেথা যাবে আমির খান, ক্যাটরিনা কাইফ ও অমিতাভ বচ্চনকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2017, 07:11 PM

Updated : 11 Apr 2022, 11:34 PM

গুঞ্জনটি শোনা গিয়েছিলো বেশ কিছুদিন ধরেই। নতুন ছবি ‘ঠগস অব হিন্দুস্তান’য়ের জন্য ক্যাটরিনাকে নিতে নাকি বন্ধু আমিরকে অনুরোধ করেছেন সালমান! এবারে মিললো খবরের সত্যতা। আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো ‘ঠগস অব হিন্দোস্তান’য়ের শেষ নারী চরিত্র ক্যাটরিনার নাম। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো এক পর্দায় দেখা যাবে আমির ও অমিতাভকে। শুরু থেকেই তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি।

সম্প্রতি এক টুইট পোস্টে ‘ঠগস অব হিন্দুস্তান’য়ের নায়িকা হিসেবে ক্যাটরিনার নাম চূড়ান্ত হওয়ার কথা জানান আমির খান। তিনি লিখেছেন, “অবশেষে আমরা আমাদের শেষ ‘ঠগ’কে খুঁজে পেয়েছি। তিনি হচ্ছেন ক্যাটরিনা কাইফ! ঠগ পরিবারে ক্যাটকে অভিনন্দন।”

ক’দিন আগে ঘোষিত হয়েছে এ ছবির আরেক নারী চরিত্রে ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শেখ-এর নাম।

ফিলিপ মেইডো টেইলরের জনপ্রিয় উপন্যাস ‘কনফেশন অফ অ্যা ঠগ’য়ে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের এক ঠগের জীবনের কথা বলা হয়েছে। এ সিনেমার মাধ্যম্যে উপনিবেশিক আমলে ভারতের প্রতারকচক্র বা ঠগদের নানা দুঃসাহসিক কাণ্ড দেখানো হবে। ছবিটির চিত্রনাট্য তৈরি করছেন প্রখ্যাত চিত্রনাট্যকার বিজয় কৃষ্ণ আচার্য। ছবিটি পরিচালনাও করছেন তিনি। ১ জুন থেকে দৃশ্যধারণের কাজ শুরু হতে যাচ্ছে এ ছবিটির।

এর আগে ২০১৩ সালে ‘ধুম-থ্রি’তে এক পর্দায় দেখা গেছে আমির-ক্যাটরিনা জুটিকে। সামনেই সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে।