আজ আমি জানি জীবনের মানে কী: মনীষা
নির্মাতা সুভাষ ঘাইয়ের হাত ধরে বলিউডে অভিষেক ঘটে নেপালি অভিনেত্রী মনীষা কৈরালা’র। ১৯৯১ সালে এ পরিচালকের ‘সওদাগর’ ছবির মাধ্যমে বলিউডে আসেন মনীষা। এনেই জায়গা করে নেন দর্শক হৃদয়ে। এরপর হঠাত করেই হারিয়ে যান তিনি। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে অভিনয়ে ফিরেছেন তিনি।
‘বম্বে’, ‘আকেলে হাম আকেলে তুম’, ‘অগ্নিসাক্ষী’, ‘দিল সে’, ‘সানাম’ সহ অসংখ্য দর্শকপ্রিয় ছবির কল্যাণে বলিউডের শীর্ষস্থানে চলে আসেন নেপালি অভিনেত্রী মনীষা কৈরালা। ভক্তদের পাগমালী, বাড়ির সামনে প্রযোজক ও ফটোসাংবাদিকদের লাইন- এক সময় এসবই ছিলো তার জীবনের নিয়মিত ঘটনা। কিন্তু হঠাত করেই ঘটে ছন্দপতন। ক্যান্সারের কবলে পড়ে ছিটকে পড়েন বলিউডের রূপালি জগত থেকে। একদিনের ব্যবধানেই ব্যস্ততম অভিনেত্রী থেকে হয়ে পড়েন মৃত্যুপথযাত্রী রোগী। সে সময় অনেক তারকাকেই পাশে পেয়েছেন, আবার মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া বিশেষ সাক্ষাতকারে মনীষা বলেন, “যখন আমি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে বন্দী তখনও আমি বুঝিনি সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। তখন আমার বয়স ছিলো কম, অভিজ্ঞতাও। তাই এক রাতের ব্যবধানে বলিউডের ব্যস্ততম নায়িকা থেকে শয্যাশায়ী রোগীতে পরিণত হওয়া আমার জন্য ছিলো খুবই কষ্টের। বিশেষ করে খুব কাছের কিছু মানুষকে আমি আমার সংকটকালে পাশে না পেয়ে আহত হয়েছিলাম। পরে বুঝেছি এটিই হয়ত বাস্তবতা। ক্যান্সারে আক্রান্ত না হলে আমি জানতাম না আমার সত্যিকারের কাছের বন্ধু কারা।”
মনীষা আরও বলেন, “মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি তাই আমি বুঝি বেঁচে থাকা কতটা আনন্দের। কিন্তু আজ আমি জানি জীবনের মানে কী, আর তাই হতাশ হই না। যা আমার জীবনে ঘটে গেছে তা অমূল্য। আমাদের সবারই জীবনের ব্যপ্তি অনেক কম। এই স্বল্প সময়ে আমাদের উচিত হতাশা কাটিয়ে ভালো কিছু করা। জীবনের অর্থ বুঝতে হলে যে ক্যান্সারে আক্রান্ত হতে হবে তা তো নয়। আমি তাই সবাইকে বলি যে জীবনে সুন্দর করে বাঁচো, মনের যা ইচ্ছে সেই মতো চলো, দেখবে জীবন অনেক সুন্দর।”
সম্প্রতি সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিতব্য ছবিতে এ তারকার মা প্রখ্যাত বলিউড অভিনেত্রী নার্গিস দত্তের চরিত্রে অভিনয় করছেন মনীষা। দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “ক্যান্সার থেকে সেরে উঠে এটাই আমার প্রথম অভিনয়। তাই এটা আমার জন্য খুবই অসাধারণ এক অভিজ্ঞতা। গত কয়েক বছরে বলিউড অনেক বদলে গেগছে। সবাই কাজের ক্ষেত্রে অনেক পেশাদারী হয়েছে যেটা আমাদের সময়ে ছিলো না।”
মনীষা আরও বলে, “আমাদের এখানে অভিনেত্রীরা সর্বোচ্চ এক দশক পরিপূর্ণভাবে নায়িকা হিসেবে কাজ করতে পারেন। সেখানে আমি প্রায় দুই দশক টিকে থেকেছিলাম। আমার মনে হয় এই চর্চা থেকে আমাদের বেড়িয়ে আসা উচিত। নারী প্রধান চরিত্রে নিয়ে বলিউডে আরও বেশি করে কাজ হওয়া উচিত।”
এ সময়ের অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন ও কঙ্গনা রানাউতকে পছন্দ মনীষার। এ অভিনেত্রীদের কাজ আন্তর্জাতিক মানের বলেও মন্তব্য করেন তিনি।
