২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘রূপ’

২০১৬ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বখাটে’তে অভিনয় করে আলোচিত হয়েছিলেন লাক্স তারকা মুমতাহিনা টয়া। এবার ভিকি জাহেদ-এর ‘রূপ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 06:11 PM

Updated : 11 Oct 2022, 01:59 PM

যাপিতজীবনে শারীরিক ও মানসিক সৌন্দর্যের মধ্যে সবসময় দেয়াল হয়ে দাড়ায় একজন মানুষেন রূপ। সেই রূপকে ঘিরে দ্বন্দ্বের ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রূপ’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মুমতাহিনা টয়া। তার বিপরীতে অভিনয় করছেন ‘শেষ চুম্বন’ সিনেমায় মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষিক্ত অভিনেতা সাগর আহমেদ।

Image
ছবি: নির্মাতার সৌজন্যে

ছবি: নির্মাতার সৌজন্যে

অভিনয় প্রসঙ্গে টয়া বলেন, “আমি প্রচুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অফার পাই। কিন্তু গল্প ভালো না লাগায় সবার কাজ করা হয় না। ‘রূপ’ আমার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর গল্প অসাধারণ। ‘রূপ’-এ আমার মুখ ঝলসানো থাকে। এই প্রথম এমন চরিত্রে কাজ করছি। নিঃসন্দেহে এই গল্প দর্শকদের ভালো লাগবে।” 

নির্মাণের পাশাপাশি 'রূপে’ র গল্প লেখার কাজটি করেছেন ভিকি জাহেদ নিজেই। তিনি বলেন,“ ‘রূপ’ হচ্ছে সৌন্দর্যের গল্প। সৃষ্টির আদিকাল থেকেই পৃথিবীতে শারীরিক ও মানসিক সৌন্দর্যের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। ‘রূপ’-এ সে দ্বন্দ্বের গল্পকেই এক নতুন আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।” 

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে রাজধানীর পুরান ঢাকার বেশ কয়েকটি লোকেশন ও পুবাইলে সম্পন্ন হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য ধারণের কাজ।

Image
ছবি: নির্মাতার সৌজন্যে

ছবি: নির্মাতার সৌজন্যে

এস বি ফুড এর ব্যানারে নির্মিত ‘রূপ’ প্রযোজনা করছেন খলিলুর রহমান এবং সহ-প্রযোজক হিসেবে আছে টাইগার মিডিয়া। সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াৎ অর্পণ।

সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার ‘রূপ’-এর একটি গানের মিউজিক ভিডিও অনলাইনে প্রকাশ পাবে। এছাড়াও চলতি মাসের শেষ দিকে অনলাইনে মুক্তি দেয়া হবে ‘রূপ’।

অন্যদিকে ‘রূপ’ ভিকির অষ্টম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত ‘মোমেন্টস’, ‘অবিশ্বাস’, ‘মায়া’, ‘দেয়াল’, ‘অক্ষর’, ‘দূরবীন’ ও ‘বীর’ বেশ জনপ্রিয়তা পেয়েছে।