২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে একশ কোটির পথে ‘দঙ্গল’

ভারতে যখন ‘বাহুবলী টু’ জ্বরে আক্রান্ত সবাই, তখন চীন কাঁপছে ‘দঙ্গল’ ঝড়ে। মুক্তির প্রথম তিন দিনেই দেশটিতে ৭২ কোটি রুপি আয় করেছে আমির খান অভিনীত সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2017, 06:24 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

চীনের বক্স অফিসের প্রথম স্থানটি অবশ্য দখলে রয়েছে হলিউডি ছবি ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউডম টু’রই। এরপরও আমির খান-এর সিনেমাটির এমন চমকপ্রদ সাফল্য অবাক করেছে সবাইকে।

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, “চীনে ‘দঙ্গল’ ছক্কা হাঁকিয়েছে এরমধ্যেই। মুক্তির প্রথম তিন দিনে আয় করেছে ৭২ কোটি ৬৮ লাখ রুপি।”

চীনের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন ওয়ান্ডা সিনেমাজ-এর ‘দঙ্গল’ বয়কটের কারণে সিনেমাটি মুক্তি পায় কেবল ৩০ হাজার হলে। ওদিকে ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম টু’ মুক্তি পেয়েছে ৯০ হাজারেরও বেশি হলে। সেকারণেই ৪ কোটি ৫৯ লাখ ডলারের আয় নিয়ে সিনেমাটি বক্স অফিসের শীর্ষে অবস্থান করছে। আর ‘দঙ্গল’-এর আয় ১ কোটি ১৩ লাখ ডলার।

‘দঙ্গল’-এর এমন সাফল্যে চমকে গেছে মার্কিন গণমাধ্যম। ‘ভ্যারাইটি’ লিখেছে, “ ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম টু’  সুবিধাজনক অবস্থানেই আছে চীনের বক্স অফিসে। তবে চমৎকৃত হওয়ার মতো বিষয় হলো ভারতের আমির খান অভিনীত ‘দঙ্গল’ যেভাবে শক্তি প্রদর্শন করছে।”

নিরজ পান্ডে পরিচালিত এই সিনেমায় আমির খান-এর পাশাপাশি আরও ছিলেন সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রা। ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগত এবং তার দুই মেয়ে গীতা ও ববিতা ফোগত-এর জীবন নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।