২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের ফলাফল বাতিলের আবেদন ওমর সানির

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নির্বাচনে দায়িত্বে থাকা আপিল বিভাগের কাছে আবেদন করেছেন সভাপতি পদে পরাজিত প্রার্থী ওমর সানি। বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 10:33 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয়লাভ করেছেন। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে নির্বাচনের ফলাফল জানান প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর। কিন্তু রবিবার বিকেলে নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে লিখিত আবেদন করেছেন ওমর সানি।

এই ব্যাপারে রবিবার রাতে গ্লিটজকে নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন,“তিনি ভোট কারচুপির অভিযোগ এনে আজ বিকেলে (রবিবার)আপিল বোর্ডে লিখিত আবেদনপত্র দাখিল করেছেন। আজ ছিলো আপিলের শেষ দিন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে আপিলর্বোড বসবেন। মঙ্গলবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সেক্ষেত্রে পুনরায় ভোট গণনা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন,“যদি কেউ সন্দেহ করেন এবং আপিলর্বোড যদি মনে করেন সেক্ষেত্রে ভোট পুনরায় গণনা করা হতে পারে। তবে মঙ্গলবার আমরা সবাই বসলে তখনই বোঝা যাবে ।”

ওমর সানি তার লিখিত অভিযোগে বলেন, “নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ৫৫৮টি। এর মধ্যে ৮৯টি ভোট বাতিল বলে নির্বাচন বোর্ড প্রকাশ করেছে। তারপরেও মোট ফলাফল অসঙ্গতিপূর্ণ । যেমন,সভাপতি তিনজনের ভোট যোগ করলে মোট ৪৬৯টি ভোট হওয়া উচিত। কিন্তু প্রকাশিত ফলাফলে পাওয়া যাচ্ছে মোট ভোট ৪৫৬টি। অন্যান্য পদে প্রাপ্ত ভোটের যোগফল কোনোভাবেই বৈধ ব্যালটের সঙ্গে মিলে না। যেমন কার্যনির্বাহী মোট ভোট হওয়া উচিত (৫১১×১১) = ৫৬২১টি। কিন্তু প্রকাশিত ফলাফলে পাওয়া যাচ্ছে মোট ভোট ৫৬৬৫টি। তাহলে অতিরিক্ত ৪৪টি বেশি ভোট কোথা থেকে এলো? এমনকি কোষাধ্যক্ষ পদে তিন প্রার্থীর মোট ভোট ৪৬৫টি, কিন্তু হওয়া উচিত ৪৬৯টি।”

তার লিখিত আবেদনে তিনি আরো বলেন, “সমিতির সভাপতি শাকিব খান পদাধিকার বলে ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারেন। কিন্তু নির্বাচন কমিশন গণনার সময় জোরপূর্বক তাকে অফিস থেকে বের করে দেওয়া যা কোনোভাবেই কাম্য ছিলো না। বিকেলের দিকে অনেক শিল্পী ভোটার বিভিন্ন বাধার মুখে এফডিসিতে প্রবেশ না করতে পেরে ভোট না দিয়েই ফেরত চলে গেছেন। আমি মনে করি একটি পক্ষ নিজ স্বার্থে নির্বাচন বোর্ডকে প্রভাবিত করেছে। এমতাবস্থায় এই রকম অসঙ্গতিপূর্ণ ফলাফলে সম্পূর্ণ কারচুপির আশ্রয় নেওয়া হয়েছে বলে এ ফলাফল বাতিল তথা নির্বাচন বাতিল করার আবেদন করছি।”

তবে ওমর সানির আপিলের প্রসঙ্গে গ্লিটজের পক্ষ থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করা হলেও তিনি ফোনকল রিসিভ করেন নি।

অন্যদিকে নির্বাচনে আপিল বিভাগে প্রধান দায়িত্বে ছিলেন নাসিরুদ্দিন দিলু। তার দুই সহকারী হিসেবে ছিলেন খোরশেদ আলম খসরু এবং মোহাম্মদ শামসুল আলম।

এ প্রসঙ্গে রবিবার রাতে আপিল বিভাগের চেয়ারম্যান নাসিরউদ্দিন দিলু গ্লিটজকে বলেন, “আমাকে তার (ওমর সানির) আবেদনের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন। এটা নিয়ে আমরা সভায় বসে সিদ্ধান্ত নেবো। পরবর্তীতে আমাদের সভা শেষে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।”

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। সভাপতি পদে ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওমর সানি পেয়েছেন ১৫৩ ভোট। অপরদিকে ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুইজন, রিয়াজ পেয়েছেন ৩২৮ ভোট ও নাদির খান পেয়েছেন ২৬৫ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত আরমান পেয়েছেন ২৬৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৩১০ ভোট পেয়ে সুব্রত ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মামনুন ইমন। দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর ২৯৫ ভোট, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন ১৯০ ভোট ও কোষাধ্যক্ষ কমল পেয়েছেন ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যকরী পরিষদে নির্বাচিত ১১ জনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইমন সাদিক। তিনি মোট ভোট পেয়েছেন ৩৬১।

কার্যকরী পরিষদে অন্যান্যদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন- অঞ্জনা সুলতানা (৩২২ ভোট), আলীরাজ (৩০৩ ভোট), জেসমিন (৩২৬ ভোট), নাসরিন (২৬৮ ভোট), পপি (৩০২ ভোট), পূর্ণিমা (২৮২ ভোট), ফেরদৌস (২৬১ ভোট), রোজিনা (৩৪৪ ভোট) ও সুশান্ত (৩৪২ ভোট)।

নির্বাচনে মোট ২১টি পদে লড়ছেন ৫৭ প্রার্থী। মোট ৬২৪ জন ভোটারের মধ্যে নির্বাচনে ভোট প্রদান করেছেন ৫৫৮ জন ভোটার।