২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গান এখন আর কেবল গায়কদের মধ্যে সীমাবদ্ধ নেই’

অভিনয়শিল্পীদের গান গাওয়াটাকে দোষের কিছু মনে করেন না অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রাহমান। তিনি মনে করেন, যে কেউ যেকোনো কিছুই হতে পারে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 10:17 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

সম্প্রতি পপতারকা জাস্টিন বিবার-এর ভারত সফরের কনসার্টের প্রথম দিকের পরিবেশনায় অভিনেত্রী সোনাক্ষী সিনহা গান গাইবেন- এই বিষয়টি মেনে নিতে পারেননি অনেক সংগীতশিল্পীই। কৈলাশ খের, আরমান মালিক, সোনা মহাপাত্রদের মতো তারকারা আছেন এই দলে। তবে এ আর রাহমান বিষয়টিকে খারাপভাবে দেখছেন না।

হিন্দিুস্তান টাইমসকে এব্যাপারে তিনি বলেন, “কোনোকিছুই আসলে কারো নিজের নয়। যে কেউ যে কোনো কিছুই হতে পারে। পরিচালকেরা সুরকার যেমন হতে পারেন, সুরকারেরা পরিচালক হতে পারেন। গায়কেরা অভিনেতা হয়ে যেতে পারেন, আবার উল্টোটা হতেও সমস্যা নেই। এমন তো নয়, গান কেবল গায়কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।”

তিনি আরও বলেন, “আসল ব্যাপারটি হলো কাজের ব্যাপারে আমার নিবেদন কতটুকু- সেটা। কাজের ব্যাপারে কাউকে ঠকানো উচিৎ নয়। সৎভাবে কাজ করা উচিৎ। কঠিন পরিশ্রম করে কাজে সফল হওয়া যায়। কে কাজটি করছে সেটা বড় ব্যাপার নয়, কাজটি সে কতোটা নিবেদন নিয়ে করছে, সেটাই আসল।”

সাম্প্রতিক সময়ে ফারহান আখতার, শ্রদ্ধা কাপুর, পরিণীতি চোপড়া, সালমান খানদের মতো তারকারা সিনেমায় গান গাইতে শুরু করেছেন। অন্যদিকে এ আর রাহমান শুরু করেছেন তার প্রথম সিনেমা ‘লে মাস্ক’-এর কাজ।