২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন বরিশালের অঙ্কন

`চ্যানেল আই ক্ষুদে গানরাজ'-এর ষষ্ঠ আসরে সেরা হলেন রবিশালের অঙ্কন। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয় সিজন-৬ আসরের ‘মহা উৎসব’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2017, 03:52 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

জমকালো আয়োজনে শেষ হলো ক্ষুদে সংগীতশিল্পী অন্বেষণে চ্যানেল আইর রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’। বছরব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনের চূড়ান্তপর্বে এসে বিজয়ীর মুকুট মাথায় তুলে নিলেন বরিশালের অঙ্কন। পুরস্কার হিসেবে সে জিতে নিলো চ্যানেল আই ক্ষুদে গানরাজের ষষ্ঠ আসরের সেরা খেতাব। মাথায় ঝলমলে মুকুট পরিয়ে দেওয়ার পাশাপাশি তার হাতে তুলে দেওয়া হয় পুরস্কারের অর্থমূল্য্য চ্যানেল আই ও ডিয়ন চকলেটের সৌজন্যে পাঁচ লাখ টাকার চেক। পুরস্কার হিসেবে আরও ছিল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ১০ বছরের জন্য শিক্ষাবৃত্তি, জাপান-বাংলাদেশ হাসপাতাল ও গ্রিনলাইফ হসপিটালের সৌজন্যে স্কুলজীবন পর্যন্ত চিকিৎসাসেবার সনদ।

আনন্দে অভিভূত, আপ্লুত ক্ষুদে গানরাজ বিজয়ী রবিশালের অঙ্কন প্রতিক্রিয়ায় জানাল ছোট্ট আবদার “আমার জন্য সবাই দোয়া করবেন, গান নিয়ে আমি যেতে চাই অনেক দূর।” 

সাড়ে সাতটা। জমকালো মঞ্চ। কানায় কানায় পূর্ণ দর্শক-শ্রোতা। মুর্হমুহু করতালি আর উল্লাস ধ্বনি। পাশ্চাত্য ঢঙ্গে আট মিনিটের একটি নৃত্য পরিবেশনা দিয়ে শুরু হয় এবারের ‘ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ, সিজন-৬’ আসরের মহা উৎসব। এ নৃত্য প্রযোজনাটি সাজানো হয়েছিল ছোটদের বিনোদনের জন্যে- ব্যালে নৃত্য, হিপ-হপ ও রোবট নৃত্য দিয়ে। ‘আল্লাহ মেঘ দে পানি দে’ গানের সাথে ভাংরা নৃত্য পরিবেশন করেন সেরা নাচিয়ের সিনথিয়া, দোলা, মিতি, শোভা, রোজা, সাজিন, লোটাস, প্রাপ্তি ও অহি।

সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী লাকী আখান্দকে স্মরণ করা হয় অনুষ্ঠানের শুরুর দিকে। এই শিল্পীর গাওয়া কয়েকটি জনপ্রিয় গানের মেডলি পরিবেশন করে ক্ষুদে গানরাজ-এর সেরা সাত প্রতিযোগী। এ সময় পর্দায় ভেসে উঠে লাকী আখান্দ-এর স্মৃতিময় আলোকচিত্র।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ভারতীয় কণ্ঠশিল্পী মিতালী মুখার্জি’র গান। তিনি সকল শ্রোতা-দর্শককে শুভেচ্ছা জানান এবং এই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য চ্যালেন আইকে ধন্যবাদ জানান। তিনি গেয়ে শোনান কয়েকটি গান। তিনি বলেন “নাড়ির টানে প্রাণের ঢাকায় এসেছি, এই আসতে পেরে আমি খুবই খুশি”। এর আগে মঞ্চে উঠতে উঠতে গেয়ে শোনান ‘এই দুনিয়া আর সেই দুনিয়া নয়’, ‘বুকের ভেতর থাকনা কিছু কষ্ট জমিয়ে’ ও ‘কে আশা বেঁধে রাখলি’র মত গান। আরও ছিল তানজিলের পরিচালনায় ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে এক ঝাঁক নৃত্যশিল্পীর পরিবেশক সচেতনা বিষয়ক দলীয় পরিবেশনা।

আসরটি বসেছিল ৫ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এএসটি বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। বিজয়ীদের পুরস্কার ঘোষণা করেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে ঠাকুর গাঁওয়ের ঐক্য। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় তিন লাখ টাকা। দ্বিতীয় রানার আপ হয়েছে চট্টগ্রামের ঐশি। তার হাতে তুলে দেওয়া হয় চ্যানেল আই ও ডিয়ন চকলেটের সৌজন্যে নগদ ২ লাখ টাকা। তারাও পেয়েছে শিক্ষাবৃত্তি ও বিনামূল্যে চিকিৎসাসেবার সুযোগ। বিশেষ পুরস্কার পেয়েছে সেরা সাতের একজন তিলোত্তমা। প্রতিযোগিতার প্রধান দুই বিচারক ছিলেন কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও ব্যান্ডতারকা এসআই টুটু। অনুষ্ঠানের এক পর্যায়ে ১০ মিনিটের তথ্যচিত্রে তুলে ধরা হয় ক্ষুদে গানরাজের স্মরণীয় কিছু মুহূর্ত। জানানো হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিতে প্রায় ৬৫ হাজার প্রতিযোগী আবেদন করেছিল।

প্রতিযোগীদের চূড়ান্ত পরীক্ষা পর্বে সেরা সাত ক্ষুদেশিল্পীর একক পরিবেশনা ছাড়াও ক্ষুদেদের সঙ্গে দ্বৈত সংগীত পরিবেশন করেন শফি মন্ডল, মেহের আফরোজ শাওন, শফিক তুহিন, আঁখি আলমগীর, শারমিন, আশিক ও ইমরান। মহা উৎসব অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ। মীম চৌধুরীর উপস্থাপনায় ক্ষুদে গানরাজ মহা উৎসব সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।