জয় শাহরিয়ারের সুরে কথায় নচিকেতা
বাংলাদেশি তরুণ সংগীতশিল্পী জয় শাহরিয়ারের কথায় সুরে গাইলেন কলকাতার জনপ্রিয় শিল্পী নচিকেতা।
বাংলাগানের অন্যতম জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী সংগীতজীবনের প্রথম থেকেই সবার নজর কেড়েছিলেন তার অন্যরকম গায়কীর কারণেই ।এবার বাংলাদেশের তরুণ সংগীতশিল্পীর কথায় সুরে গাইলেন নতুন গান ‘হয়তো আবার’ ।
গানটি নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করলেন নচিকেতা -“এটা একটা অসাধারণ কম্পোজিশান। গাইতে পেরে আমার নিজেরই ভালো লাগছে। সব থেকে বড় কথা গানটা আমার পছন্দ হয়েছে। আমি একটু অন্যরকম লোক, সব গান, সব লেখা আমার পছন্দ হয় না। গানটার লেখা অনেককেই ছাড়িয়ে গেছে। কখনো কখনো মনে হয়েছে আমার থেকেও ভালো হয়েছে।”
গানটির রেকর্ডিং হয়েছে গত বছর অক্টোবরে। আর গেলো এপ্রিলের ১১ তারিখে ফের গানটির মিউজিক ভিডিওর জন্য ক্যামেরার সামনে দাঁড়ান নচিকেতা। গতকাল গানটি মুক্তি পেলো ইউটিউবে। গানটির প্রযোজনা করেছে অ্যাডবক্স। তাদের ইউটিউব চ্যানেলেই পাওয়া যাচ্ছে গানটি।
গানটি প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, “মিউজিশিয়ান হিসেবে এটা আমার জন্য গ্রেট প্রজেক্ট, ছোটবেলা থেকে যাদের গান শুনে বড় হয়েছি, নচিকেতা তার একজন। আমি বাংলা ভাষার গীতিকার হিসেবে কাজ করছি। বিগত দুতিন দশকে যে কজন সেরা গীতিকার আছেন তাদের মধ্যে নচিকেতা একজন। এই প্রথম তার একটা গান করার সৌভাগ্য হয়েছে আমার। এটা আমার জন্য একটা বড় পাওয়া। নচিকেতার গানটি পছন্দ হয়েছে এটি আমার ভালোলাগাকে আরও বাড়িয়ে দিয়েছে। আশা করি বিশ্বব্যাপী নচিকেতার যে ভক্তরা আছেন তাদের গানটি ভালো লাগবে।”
