২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনোদ খান্নার প্রার্থনাসভায় এপ্রজন্মের তারকারা

সদ্যপ্রয়াত ভারতীয় তারকা বিনোদ খান্না’র মৃত্যু পরবর্তী প্রার্থনাসভায় হাজির হয়েছিলেন হিন্দি সিনেমার তারকারা। বুধবার রাতে মুম্বাইয়ে হওয়া ওই প্রার্থনাসভায় আমির খান, শাহরুখ খান, ঋত্বিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চনদের উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন ঋষি কাপুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 08:25 PM

Updated : 19 Aug 2022, 04:32 PM

২৭ এপ্রিল মুত্রাশয়ের ক্যান্সারে মারা যাওয়ার পর বিনোদ খান্না’র শেষকৃত্যে পরবর্তী প্রজন্মের তারকাদের দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ঋষি কাপুর। সেসময় এমনটাও বলেছিলেন, এই ঘটনার পর নিজের মৃত্যু হলে কারও উপস্থিতি কাম্য করেন না তিনি। সেই ঋষি কাপুরেরই সুর বদলে গেল প্রার্থনা সভায় হিন্দি সিনেমার প্রথম সারির তারকাদের দেখতে পেয়ে।

টুইটারে তিনি লিখেছেন, “ধন্যবাদ আমার সিনেমা পরিবারের ভাইদের, খান্না পরিবারের প্রতি সহানুভূতি প্রদর্শনের জন্য। আমাদের মধ্যে এখনও মানবিকতা বেঁচে আছে। সবাইকে ভালোবাসা।”

 

প্রার্থনাসভায় অমিতাভ বচ্চন, ঋষি কাপুরদের পাশাপাশি যোগ দিয়েছিলেন জিতেন্দ্র, প্রেম চোপড়া, শক্তি কাপুর, আব্বাস-মাস্তান, জাভেদ আখতারদের মতো বর্ষিয়ান তারকারা। শাহরুখ খান একা এলেও আমির-এর সঙ্গে ছিলেন তার স্ত্রী কিরণ রাও। ঐশ্বরিয়া রাই বচ্চনও এসেছিলেন স্বামী অভিষেক বচ্চন-এর সঙ্গে। অমিতাভ-র সঙ্গে দেখা গেছে কন্যা শ্বেতাকে। মুকেশ ভাট এসেছিলেন ভাতিজি পূজা ভাটকে সঙ্গে নিয়ে। শত্রুঘ্ন সিনহাকে দেখা না গেলেও হাজির ছিলেন তার মেয়ে সোনাক্ষী সিনহা।

জাভেদ আখতার-এর দুই পুত্র-কন্যা ফারহান এবং যোয়া উপস্থিত হয়েছিলেন সবার আগে। তাদের সঙ্গে ছিলেন প্রযোজক রিতেশ সিধওয়ানিও। প্রযোজক স্বামী বনি কাপুরকে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী শ্রীদেবীও। বিনোদ খান্নার প্রতি শ্রদ্ধা জানাতে এসেনছিলেন কারিনা কাপুর খান ও অর্জুন রামপালও।