২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্তানদের উপর বিচ্ছেদের প্রভাব হয়েছে ভয়ঙ্কর’

মার্কিন অভিনেত্রী ও নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি’র সঙ্গে বিচ্ছেদের পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে মুখ খুললেন অভিনেতা-প্রযোজক ব্র্যাড পিট। বললেন, বিচ্ছেদের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সন্তানেরা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 06:48 PM

Updated : 11 Apr 2022, 11:31 PM

বিচ্ছেদের মাধ্যমে জোলি’র সঙ্গে এক যুগের সম্পর্কেরই কেবল ইতি ঘটেনি ব্র্যাড পিট-এর, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বড় ছেলে ম্যাডক্সকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও। এই অভিযোগের তদন্ত করে এফবিআই। পরে অবশ্য এই অভিযোগ থেকে বেকসুর খালাস পান ‘ফাইট ক্লাব’ খ্যাত এই অভিনেতা।

জি কিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পিট বলেন, “আমার সত্যিই দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, যখন এফবিআই-এর চাইল্ড সার্ভিস থেকে কল আসে। এরপর থেকে অবশ্য আমরা একসঙ্গেই কাজ করেছি। আমরা দুজনই আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করেছি। আমি একবার এক আইনজীবিকে বলতে শুনেছিলাম, ‘আদালতে কেউ জেতে না, কেবল একজন অন্যজনের থেকে বেশি দুঃখ পায়’। আমাদের ক্ষেত্রে এটা সত্যি হয়েছে।”

বিচ্ছেদের প্রক্রিয়াকে লম্বা করতে আর কোনো আইনি ব্যবস্থার মধ্য দিয়ে তিনি বা জোলি যাবেন না বলে জানান পিট। তিনি বলেন, “এক বছর ধরে আপনি একটি মামলা তৈরি করবেন, কেবল এটা প্রমাণ করতে যে আপনি ঠিক আর আরেকজন ভুল; আমি এটা মানি না। আমার কপাল ভালো, আমার সঙ্গীও (জোলি) এটাই মনে করে। তবে, পুরো বিষয়টিই আমাদের সন্তানদের উপর খুব ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। কারণ হঠাৎ করেই তাদের চোখের সামনে পুরো পরিবারটি দুই টুকরা হয়ে গেছে।”

তবে বিচ্ছেদের সময় তার বিরুদ্ধে মদ্যপানে আসক্তির যে অভিযোগ ছিল, তা থেকে এখন তিনি পুরোপুরি মুক্ত বলেই দাবি করেন পিট। বিয়ের আগে ধূমপান এবং গাঁজাতেও আসক্ত ছিলেন তিনি।

তিনি বলেন, “আমি সত্যিই খুশি যে আমি সব ছাড়তে পেরেছি। বিয়ের আগেই অবশ্য সব ছেড়েছিলাম, কেবল মদটা ছাড়তে পারিনি। তবে এই বছর এটা থেকে আমি সত্যিই মুক্ত। আমি আসলে খুব বেশি মদ্যপান করছিলাম। এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তবে গত অর্ধেকটা বছর আমি মদ ছুঁইনি- এটা সত্যিই আমার জন্য আনন্দদায়ক।”