২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শৃঙ্খলা নেই বলেই বলিউড কখনও ‘বাহুবলী’ বানাতে পারবে না’

‘বাহুবলী’ সিরিজের শব্দ প্রকৌশলী পি এম সতীশ বলেছেন, শৃঙ্খলাহীনতার কারণেই ‘বাহুবলী’র মতো কোনো সিনেমা বলিউড কখনও তৈরি করতে পারবে না।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 10:03 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

২০ বছর ধরে ভারতের চলচ্চিত্র শিল্পে শব্দ প্রকৌশলের কাজ করছেন পি এম সতীশ। দক্ষিণ ভারতের পাশাপাশি কাজ করেছেন মুম্বাইয়ের চিত্র জগতেও। অর্জন করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর সেইসব অভিজ্ঞতা থেকেই তিনি বলছেন, কারিগরি দিক থেকে ‘বাহুবলী’র মত সিনেমা বলিউডের পক্ষে তৈরি করা সম্ভব নয়।

তিনি বলেন,“এখানে (বলিউড) যেটার অভাব, সেটা হল শৃঙ্খলা। কেন ‘বাহুবলী’র মতো সিনেমা ওখানে (তেলুগু) হচ্ছে, আর এখানে হচ্ছে না, তার কারণ হল, ওখানে সব টাকা সিনেমা নির্মাণেই খরচ হয়। অল্প কিছু তারকারা এটা খেয়ে ফেলেন না।”

বিষয়টি ব্যাখ্যা করে পি এম সতীশ বলেন, “মুম্বাইয়ে যদি ৬০০ কোটি রুপির একটা সিনেমা বানাতে যান, খুব বেশি হলে ১০০ কোটি রুপি প্রোডাকশনে যাবে, যদি আপনি ভাগ্যবান হন। নাহলে পুরো টাকাটাই গুটিকয়েক তারকা আর বড় বড় নামধারী মানুষদের পকেটে চলে যাবে। ‘বাহুবলী’তে প্রতিটি পয়সা প্রোডাকশনেই খরচ হয়েছে। আর একারণেই সিনেমাটি এত ভালো।”

‘বাহুবলী’র উদাহরণ টেনে সতীশ আরও বলেন, “ ‘বাহুবলী’র শব্দ প্রকৌশলের বাজেট যদি বলিউডের লোকজন দেখে, তাহলে তারা সংজ্ঞা হারাবে। কারণ তারা গুণগত মানের কথা চিন্তা করে এত টাকা কখনোই খরচ করবে না। এটাই অনেক বড় পার্থক্য। ‘বাহুবলী’র প্রযোজকদের কাছে আমরা যখন ন্যায্য কোনো কিছু চাই, যুক্তি দিয়ে যদি বোঝাতে পারি নির্মাতাকে এটার প্রযোজনীয়তা, তাহলে সবসময়ই আমরা সেটা পাই। কেউ একটা প্রশ্নও করেনা। কিন্তু এখানে (বলিউডে) একেবারে প্রাথমিক জিনিসগুলো পেতেও অনেক সংগ্রাম করতে হয়।”

নির্মাতা রাজামৌলি’রও অনেক প্রশংসা করেন সতীশ।

“আমাদের এখানকার সংস্কৃতি হলো, যেভাবে পারা যায়, টাকা বাঁচানো। এরকম জায়গায়, ‘বাহুবলী’ একটা দৃষ্টান্তই স্থাপন করেছে। আমাদের যেদিন গোটা সিনেমার সাউন্ড মিক্সিং শেষ, সেদিনও রাজামৌলি এডিটিংয়ের কাজ করে যাচ্ছিলেন, কারণ কম্পিউটার গ্রাফিক্সের কিছু দৃশ্য তার পছন্দ হয়নি। রাজামৌলি’র সাহস ছিল সিনেমার শব্দগ্রহণ শেষ হয়ে যাওয়ার পরও ওই দৃশ্যগুলি ফেলে দিয়ে নতুনভাবে তৈরি করার। গুণগত মান নিয়ে এতটাই সচেতন তিনি!”

প্রভাস, রানা দগ্গুবতী, সত্যরাজ, আনুশকা শেঠি, রম্য কৃষ্ণণ, তামান্না ভাটিয়া অভিনীত ‘বাহুবলী টু’ মুক্তি পেয়েছে ২৮ এপ্রিল। মুক্তির প্রথম পাঁচদিনেই সিনেমাটি ঘরে তুলতে সক্ষম হয়েছে সাতশ কোটি রুপির বেশি।