২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাহুবলী’ পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ

এ মুহূর্তে ‘বাহুবলী-টু’ জ্বরে কাঁপছে ভারত। মুক্তির পাঁচ দিনেই সাতশ কোটি রুপি আয় করে রেকর্ড তৈরি করেছে এসএস রাজামৌলির এ সিনেমা। তবে দুঃসংবাদ হলো ভারতের হায়দ্রাবাদে ‘বাহুবলী’ পরিচালকের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে অভিযোগ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 09:38 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

‘বাহুবলী-টু : দ্য কনক্লুশন’ ভারতীয় ছবির ইতিহাসে উল্লেখযোগ্য একটি নাম। ক’দিন আগেও বলিউডের বাইরে থেকে ছবি বানিয়ে এ পরিমাণ সুনাম অর্জন করা সম্ভব তা হয়ত বিশ্বাস করতেন না কেউ। এবারে তাই দেখিয়ে দিলেন রাজামৌলি। কিন্তু এত এত ভালো সংবাদের মধ্যেও শোনা গেল দু:সংবাদ। ছবির একটি সংলাপে হেয় করা হয়েছে ভারতের ‘কতিকা’ সম্প্রদায়কে-এমনই এক অভিযোগ এনে থানায় মামলা করা হয়েছে ‘বাহুবলী’ পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে।

অল ইন্ডিয়া রাউন্ডআপ বলছে, ‘বাহুবলী: দ্য কনক্লুশন’য়ে কাটাপ্পা’র একটি সংলাপ ছিলো ‘কাতিকা চিকাতি’। এই দৃশ্যে যেভাবে ‘কতিকা’ সম্প্রদায়কে উপস্থাপন করা হয়েছে তা মোটেও শোভন নয়- এমনই অভিযোগ এ সম্প্রদায়ের। ছবি থেকে এ সংলাপটি বাদ দেয়ার জন্য আবেদন করেছেন তারা। এ নিয়ে সিনেমা হলের সামনে বিক্ষোভও করেছে এ সম্প্রদায়ের সদস্যরা।

হায়দ্রাবাদের কতিকা সম্প্রদায়ের মানুষেরা মাংস কাটা ও কেনা-বেচার কাজে জড়িত। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তারা বলেন, “আমরা যারা এ সম্প্রদাযের মানুষেরা খাসি, ভেড়া ও মুরগীর মাংস বিক্রি করি। মানুষকে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করাই আমাদের কাজ। আমরা কোনো সমাজবিরুদ্ধ কাজ করি না। কিন্তু এ ছবিতে আমাদের এমনভাবেই উপস্থাপন করা হয়েছে।” ছবির এ সংলাপের কারণে আমাদের শিশুরা সমাজে নানারকম বিড়ম্বনার শিকার হতে পারে বলেও আশঙ্কা করছে তারা।

অভিযোগ লিপিবদ্ধ করা হলেও এ নিয়ে এখনো কোনো মামলা করা হয়নি।