আসছে ‘তোমার কিছুটা জানি’
মুক্তির প্রতীক্ষায় রয়েছে তানভীর তারেক এর কন্ঠে গাওয়া নতুন গান ‘তোমার কিছুটা জানি’র নতুন ভার্সনের মিউজিক ভিডিও। গানটি নির্মাণ করেছেন যৌথভাবে তানিফ মাহমুদ ও মোহাম্মদ ওয়াহিদ উজ্জ্বল।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে তানভীর তারেকের নতুন মিউজিক ভিডিও ‘তোমার কিছুটা জানি’। গানে তানভীর তারেকের সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্র নিবাসী মডেল চৈতি।
গানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন,“এই গানটি আমার আগের গানের স্লো ভার্সন। ইচ্ছে করেই এই চটুল দুনিয়ার, চটুল মিউজিকের জমানায় আমি খানিক ধীর লয়ের প্রেমের পংক্তি দিয়ে গানটি সাজানোর চেষ্টা করেছি। গানটি স্লো রক প্যাটার্ণের। যারা সফট মেলোডি গানের শ্রোতা তাদের কাছে গানটি ভিন্ন আবেদন তৈরি করবে এ আমার আত্মবিশ্বাস।”
তিনি আরো বলেন,“আমেরিকার একাধিক লোকেশনে টানা ৪ দিন গানটির দৃশ্যধারণের কাজ করা হয়েছে। এরপরে গানটির সম্পাদনা শেষ হতে বেশ খানিকটা সময় লেগেছে। তবে চলতি সপ্তাহেই গানটি রিলিজ দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
সবকিছু ঠিকঠাক থাকলে ‘তোমার কিছুটা জানি’ গানটি সেলিব্রিটি সাউন্ডল্যাবের ব্যানারে মুক্তি দেওয়া হবে। এছাড়াও একই সঙ্গে গানটি দেশের বিভিন্ন বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচারের পর তানভীর তারেকের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
